ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়া দলে থাকছেন ব্যাটসম্যান ট্রাভিস হেড ছবি: গেটি ইমেজেস
সিরিজ শুরুর আগে ম্যাচের আগের দিনই একাদশ জানিয়ে দেওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটের বেশ পুরনো কৌশল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের লড়াইয়ে নামার আগেও নিজেদের সেই চেনা পথেই হাঁটল স্বাগতিকরা। ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই নিজেদের শক্তিশালী সেরা একাদশ ঘোষণা করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিপরীতে চোট সমস্যায় জর্জরিত বাংলাদেশ দল এখনও তাদের চূড়ান্ত একাদশ ঠিক করতে পারেনি; অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, একদম টসের সময় চূড়ান্ত দল দেখা যাবে।
বাংলাদেশের সময় অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে ৬টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে কোনো ধরনের ছাড় দিতে নারাজ অজিরা। মিচেল স্টার্ক, অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হেজেলউড— এই অভিজ্ঞ পেস ট্রাইফেক্টাকে নিয়েই আক্রমণে নামছে তারা। ফলে দুর্দান্ত ফর্মে থাকা স্কট বোল্যান্ডকে ম্যাচটি দেখতে হবে ডাগআউট থেকেই। পেস আক্রমণের সঙ্গে অলরাউন্ডার হিসেবে আছেন ক্যামেরন গ্রিন। স্পিনের নেতৃত্ব দেবেন যথারীতি কিংবদন্তি নাথান লায়ন, আর প্রয়োজনে তাকে সঙ্গ দিতে পারেন ট্রাভিস হেড ও বাউ ওয়েবস্টার।
ব্যাটিং অর্ডারে ইনিংস সূচনার দায়িত্বে থাকবেন ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারাল্ড। মিডল অর্ডারে দলের হাল ধরবেন মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। দুই অলরাউন্ডার গ্রিন ও ওয়েবস্টারের মাঝে ছয় নম্বর পজিশনে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে দায়িত্ব সামলাবেন অ্যালেক্স কেয়ারি। প্রথম টেস্টের ১৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে স্কট বোল্যান্ডের পাশাপাশি জায়গা পাননি জশ ইংলিসও।
প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ: জ্যাক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি (উইকেটকিপার), বাউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হেজেলউড।