ক্রীড়া ডেস্ক
২০২৬-২৭ মৌসুমে অলরেডদের হয়ে খেলবেন উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহো ছবি: লিভারপুল এফসি
বার্সেলোনা ছেড়ে লোনে ইংলিশ জায়ান্ট লিভারপুলে পাড়ি জমালেন উরুগুয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। এক মৌসুমের জন্য অলরেডদের ডেরায় যুক্ত হওয়া এই ২৭ বছর বয়সী সেন্টার ব্যাককে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগও রাখছে অ্যানফিল্ডের ক্লাবটি। ক্রীড়াভিত্তিক মাধ্যম ইএসপিএনের তথ্য অনুযায়ী, আগামী মৌসুমে তাকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্থায়ী চুক্তিতে সই করানোর একটি শর্ত বা অপশন রেখেছে লিভারপুল।
চলতি মৌসুমে আরাউহোর পুরো বেতন পরিশোধ করবে লিভারপুল। তবে এই দলবদল প্রক্রিয়া সহজ করতে নিজের বেতনের কিছু অংশ ছেড়ে দিয়েছেন এই ডিফেন্ডার। বার্সেলোনাকে এই ধারের বিনিময়ে বাড়তি কোনো ফি দিতে হচ্ছে না লিভারপুলকে।
গত দুই মৌসুমে বার্সেলোনায় নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না আরাউহো। পাউ কুবার্সি, এরিক গার্সিয়া এবং জেরার্ড মার্টিনদের মতো তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের পেছনে পড়ে গিয়ে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১৬টি ম্যাচে প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন তিনি। অলরেডদের রক্ষণভাগে যুক্ত হওয়ার পর ধারণা করা হচ্ছে, নতুন ক্লাবে নিয়মিত একাদশে খেলার যথেষ্ট সুযোগ পাবেন উরুগুয়ের এই তারকা।
নতুন ক্লাবে ৩৩ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন আরাউহো। রোমাঞ্চ চাপাতে না পেরে তিনি জানান, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এমন একটি বিশ্বসেরা ক্লাবে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং দ্রুত মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।