নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
যশোর-মাগুরা মহাসড়কের পাশে অটোমোবাইল প্রতিষ্ঠানের আড়ালে পরিচালিত একটি নকল মবিল কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ কেমিক্যাল, সরঞ্জাম ও ব্র্যান্ডেড বোতল উদ্ধারের পাশাপাশি প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘নিসা অটোমোবাইলস’-এর মালিক ইলিয়াস হোসেনকে এই জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দিন।
অভিযান সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশন সংলগ্ন ‘মেসার্স রিজিয়া হ্যালো এলপিজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন’-এর পেছনের নিসা অটোমোবাইলসে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে প্রস্তুতকৃত মবিল, কেমিক্যাল জেল, রাসায়নিক দ্রব্যাদি এবং টিভিএস, ইন্ডোম্যাক্স, মিন্ডা ও হিরোসহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের ফাঁকা বোতল ও প্যাকেজিং সামগ্রী জব্দ করা হয়।
অভিযোগ রয়েছে, চক্রটি রাসায়নিক কেমিক্যাল মিশিয়ে নিম্নমানের ভেজাল তেল তৈরি করে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বোতলে ভরে বাজারজাত করে আসছিল। এতে একাধারে ভোক্তারা প্রতারিত হচ্ছিলেন, অন্যদিকে এসব ভেজাল তেল ব্যবহারের ফলে মোটরসাইকেল, প্রাইভেটকার ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের ইঞ্জিন মারাত্মক ঝুঁকির মুখে পড়ছিল।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে অটোমোবাইল ব্যবসার আড়ালে এই অপকর্ম চলছিল। র্যাবের অভিযানের পরই মূল জালিয়াতি প্রকাশ্যে আসে।
অভিযান শেষে জব্দকৃত মালামাল ও উপকরণের আনুমানিক মূল্য নির্ধারণের কাজ চলছে। নকল মবিল চক্রের বিরুদ্ধে র্যাবের এ ধরনের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ও সচেতন মহল।