ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে প্রস্তুত ক্রিস্টিয়ানো রোনালদো ছবি: গেটি ইমেজেস স্পোর্ট
বিশ্ব ফুটবলের এক মহাকাব্যিক অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। সব ঠিকঠাক থাকলে, উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে দেশের জার্সিতে এই কিংবদন্তির শেষ লড়াই।
ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ আওয়াদের বরাত দিয়ে আন্তর্জাতিক ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোল ডট কম জানিয়েছে, পর্তুগালের এক এজেন্টের সূত্র ধরেই সিআরসেভেনের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর স্পোর্টিং লিসবনের চেনা আঙিনা হোসে আলভালাদে স্টেডিয়ামে ওয়েলসের মুখোমুখি হবে পর্তুগাল। ধারণা করা হচ্ছে, এই ম্যাচেই ক্যারিয়ারের শেষবারের মতো দেশের লাল-সবুজ জার্সিতে মাঠে নামবেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
পর্তুগালের নতুন কোচ হিসেবে চার বছরের চুক্তিতে দায়িত্ব নেওয়া জর্জ জেসুসের কৌশলও রোনালদোর এই সুন্দর বিদায়ের পথকে সহজ করে দিয়েছে। দায়িত্ব নেওয়ার পর পরই দলে বড় কোনো রদবদল আনতে চান না বলে জানিয়ে দিয়েছেন জেসুস। ক্যানাল ১১-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, হুট করে অভিজ্ঞদের সরিয়ে দিয়ে বড় পরিবর্তন আনার সময় এখনই নয়। কোচের এই বাস্তবসম্মত সিদ্ধান্তের কারণেই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা নিজের শর্তে ও প্রাপ্য সম্মান নিয়েই আন্তর্জাতিক আঙিনাকে বিদায় জানানোর সুযোগ পাচ্ছেন।
পর্তুগালের জার্সি খুলে রাখার পর রোনালদোর আন্তর্জাতিক পরিসংখ্যান হয়ে থাকবে রূপকথার মতো। দেশের হয়ে রেকর্ড ২৩৩টি ম্যাচ খেলে ১৪৬টি গোল করেছেন তিনি, যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলের অবিসংবাদিত রেকর্ড। তার নেতৃত্বেই ২০১৬ সালে ইতিহাসের প্রথম ইউরো জয়ের স্বাদ পেয়েছিল পর্তুগাল। এছাড়া ২০১৯ এবং ২০২৫ সালের নেশনস লিগের শিরোপাও তার বর্ণাঢ্য ক্যারিয়ারের মুকুটে যুক্ত হয়েছে।
জাতীয় দলের অধ্যায় চুকিয়ে ফেললেও এখনই বুট জোড়া তুলে রাখছেন না রোনালদো। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি রয়েছে তার। পেশাদার ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে তার সামনে এখন একটিই বড় এবং ঐতিহাসিক লক্ষ্য—১০০০ গোলের মাইলফলক স্পর্শ করা। বর্তমানে তার গোলসংখ্যা ৯৭৬টি। আন্তর্জাতিক দায়িত্ব শেষ হওয়ার পর ক্লাবের জার্সিতে বাকি ২৪ গোল পূর্ণ করাই হবে তার একমাত্র ফোকাস।