ক্রীড়া ডেস্ক
অরেলিয়া চুয়ামেনি ছবি: গেটি স্পোর্টস
ফিফা বিশ্বকাপে আজ শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে শক্তিশালী ফ্রান্স। তবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার এই মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে নামার কয়েক ঘণ্টা আগেই বড় দুঃসংবাদ পেল ফরাসি শিবির। উরুর চোটে পড়ে নকআউটের এই ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের অন্যতম ভরসা, তারকা মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি। ফরাসি ক্রীড়া দৈনিক ‘লেকিপ’ আজ এই চোটের খবরটি নিশ্চিত করেছে।
জানা গেছে, প্যারাগুয়ে ম্যাচের ঠিক আগে শেষ মুহূর্তের অনুশীলনে ঘাম ঝরাতে গিয়েই উরুতে চোট পান রিয়াল মাদ্রিদের এই ফুটবলার। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা চুয়ামেনি দলের চার ম্যাচের তিনটিতেই পুরো সময় জুড়ে মাঝমাঠ সামলেছেন। কেবল গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, চুয়ামেনির এই অনাকাঙ্ক্ষিত চোটে প্যারাগুয়ের বিপক্ষে শুরুর একাদশে সুযোগ পেতে যাচ্ছেন আরেক প্রতিভাবান মিডফিল্ডার মানু কোনে। এর আগে ইরাকের বিপক্ষেও চুয়ামেনির জায়গায় তিনি মূল একাদশে খেলেছিলেন।
এবারের আসরে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে ফরাসিরা। গ্রুপ 'আই'-এর সবগুলো ম্যাচ জিতে দাপটের সঙ্গে নকআউট পর্বে পা রাখে তারা। এরপর রাউন্ড অব থার্টি-টু'র লড়াইয়ে সুইডেনকে ৩-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে শেষ ষোলোর জায়গা পাকা করে দলটি।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার এই মহারণটি শুরু হবে ৫ই জুলাই বাংলাদেশ সময় রাত ৩টায়। এখন দেখার বিষয়, মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ সেনাপতিকে ছাড়া ফরাসিরা কীভাবে প্যারাগুয়ে-বাধা পেরিয়ে শেষ আট নিশ্চিত করে।