Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৯ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শেষ বত্রিশে কে কার মুখোমুখি

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০২:০৩ পিএম
শেষ বত্রিশে কে কার মুখোমুখি

দল বেশি, ম্যাচ বেশি, গোল তো বেশি হবেই- এবারের বিশ্বকাপ শুরুর আগের এই সম্ভাবনা প্রত্যাশিতভাবেই বাস্তব হয়েছে। গ্রুপ পর্ব শেষের বেশ আগেই ছাড়িয়ে গেছে আগের সব আসরের গোলের রেকর্ড। অনেক দলের উত্থান-পতন, নানা নাটকীয়তা আর রোমাঞ্চকর সব লড়াইয়ে শেষ হয়েছে উত্তর আমেরিকা বিশ্বকাপের গ্রুপ পর্ব। এবার অপেক্ষায় প্রবল স্নায়ু চাপের নকআউট পর্ব।

হারলেই সব শেষ, জিতলে পরের ধাপের টিকেট। বাংলাদেশ সময়ের হিসেবে, গ্রুপ পর্ব শেষের দিনই শুরু হতে যাচ্ছে কঠিন এই ধাপ।

আগের সাতটি আসর হয়েছিল ৩২ দল নিয়ে, নকআউট পর্ব শুরু হতো শেষ ষোলো দিয়ে। এবার এক লাফে দল বেড়েছে ১৬টি, তাতে নকআউট পর্বে একটি রাউন্ডও বেড়ে গেছে।

মোট ৪৮টি দল ১২টি গ্রুপে (প্রতি গ্রুপে চারটি করে দল) ভাগ হয়ে লড়াই করেছে। প্রতি গ্রুপের প্রথম দুটি এবং গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা আটটি নিয়ে হতে যাচ্ছে শেষ বত্রিশের লড়াই।

প্রথম দিন মাঠে নামতে যাচ্ছে তিন স্বাগতিকের একটি, ‘বি’ গ্রুপের রানার্সআপ কানাডা। লস অ্যাঞ্জেলসে তারা খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

আরেক স্বাগতিক মেক্সিকো তিন ম্যাচের সবগুলো জিতে ‘এ’ গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বে উঠেছে। মেক্সিকো সিটিতে তারা মাঠে নামবে আগামী বুধবার, একুয়েডরের বিপক্ষে।

তিন স্বাগতিকের আরেক দল যুক্তরাষ্ট্রও গ্রুপ সেরা হয়েছে। তিন ম্যাচের দুটি জিতে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়নরা শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার সকালে সান ফ্রান্সিসকোয় হবে ম্যাচটি।

গ্রুপ পর্বে শতভাগ সাফল্য পেয়েছে আর কেবল তিনটি দেশ। মেক্সিকো এবং গতবারের দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্স।

‘আই’ গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স লড়বে সুইডেনের বিপক্ষে। আগামী মঙ্গলবার তাদের ম্যাচটি হবে নিউ ইয়র্কে। আর আগামী শনিবার মায়ামিতে শেষ বত্রিশে এই আসরের চমক কেইপ ভার্ডের মুখোমুখি হবে ‘জে’ গ্রুপ চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনা।

মরক্কোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সে ড্রয়ে আসর শুরুর পর, টানা দুই জয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে তারা খেলবে অপরাজিত (এক জয় ও দুই ড্র) থেকে ‘এফ’ গ্রুপের রানার্সআপ জাপানের বিপক্ষে।

টুর্নামেন্টের আরেক ফেভারিট ইংল্যান্ড দুই জয় ও এক ড্রয়ে ‘এল’ গ্রুপের সেরা হয়েছে। শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে তারা খেলবে ডিআর কঙ্গোর বিপক্ষে।

গ্রুপ চ্যাম্পিয়ন যারা: মেক্সিকো, সুইজারল্যান্ড, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, কলম্বিয়া, ইংল্যান্ড।

গ্রুপ রানার্সআপ যারা: দক্ষিণ আফ্রিকা, কানাডা, মরক্কো, অস্ট্রেলিয়া, আইভরি কোস্ট, জাপান, মিশর, কেইপ ভার্ড, নরওয়ে, অস্ট্রিয়া, পর্তুগাল, ক্রোয়েশিয়া।

সেরা আটটি তৃতীয় দল: ডিআর কঙ্গো, সুইডেন, ঘানা, একুয়েডর, বসনিয়া ও হার্জেগোভিনা, প‍্যারাগুয়ে, সেনেগাল, আলজেরিয়া।

শেষ ষোলোর ওঠার লড়াইয়ে মুখোমুখি যারা: জার্মানি-প‍্যারাগুয়ে, ফ্রান্স-সুইডেন, দক্ষিণ আফ্রিকা-কানাডা, নেদারল‍্যান্ডস-মরক্কো, পর্তুগাল-ক্রোয়েশিয়া, স্পেন-অস্ট্রিয়া, যুক্তরাষ্ট্র-বসনিয়া ও হার্জেগোভিনা, বেলজিয়াম-সেনেগাল, ব্রাজিল-জাপান, আইভরি কোস্ট-নরওয়ে, মেক্সিকো-একুয়েডর, ইংল‍্যান্ড-ডিআর কঙ্গো, আর্জেন্টিনা-কেইপ ভার্ড, অস্ট্রেলিয়া-মিশর, সুইজারল‍্যান্ড-আলজেরিয়া, কলম্বিয়া-ঘানা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)