ক্রীড়া ডেস্ক
পর্তুগাল ন্যাশনাল ফুটবল দল ছবি: গেটি ইমেজেস
ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়েও আরও একটি ফুটবল বিশ্বকাপ মাতাতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজের পরিকল্পনায় রোনালদো যে কতটা অপরিহার্য, তা দল ঘোষণার মাধ্যমেই আবার প্রমাণিত হলো। মার্তিনেজ আগেই স্পষ্ট করে দিয়েছিলেন—রোনালদোকে ছাড়া বিশ্বকাপের দল ভাবাই অসম্ভব।
এই বিশ্বকাপের মাধ্যমে ফুটবলের ইতিহাসে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বমঞ্চে নামতে যাচ্ছেন সিআরসেভেন। অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেলে রোনালদোর এই অনন্য রেকর্ডে ভাগ বসাবেন।
কোচ রবার্তো মার্তিনেজ বিশ্বকাপের জন্য ২৭ জনের একটি দল ঘোষণা করেছেন। ফিফার নিয়ম অনুযায়ী চূড়ান্ত দল হতে হবে ২৬ জনের। তবে গত বছর প্রয়াত হওয়া পর্তুগিজ তারকা দিয়োগো জোতাকে সম্মান জানাতে তাঁকে ‘প্রতীকী সদস্য’ হিসেবে রেখে এই ২৭ জনের তালিকা করা হয়েছে। ফলে মূল স্কোয়াডটি ২৬ জনেরই।
ঘোষিত এই স্কোয়াডে রোনালদোর সঙ্গী হিসেবে অনুমিতভাবেই আছেন ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, ভিতিনিয়া ও রুবেন দিয়াসের মতো চেনা তারকাদের মেলা। তবে দলে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন ফরোয়ার্ড গনসালো গেদেস, যিনি চার বছর পর গত মার্চে জাতীয় দলে ফিরেছিলেন। এছাড়া মাত্র ৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে স্কোয়াডে জায়গা পেয়েছেন মায়োর্কার ডিফেন্সিভ মিডফিল্ডার সামুয়েল কোস্তা।
অন্যদিকে, পারফরম্যান্সের ভিড়ে কপাল পুড়েছে মাতেউস ফার্নান্দেজ, আন্তোনিও সিলভা ও রিকার্ডো হোর্তার মতো চেনা মুখগুলোর।
গ্রুপ পর্বের প্রতিপক্ষ ও প্রস্তুতি
বিশ্বকাপের মূল পর্বে ‘কে’ গ্রুপে লড়বে পর্তুগাল। যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। বিশ্বমঞ্চের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে ঘরের মাঠে দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল।
৬ জুন: প্রতিপক্ষ চিলি
১০ জুন: প্রতিপক্ষ নাইজেরিয়া
পর্তুগালের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: জোসে সা, রুই সিলভা, রিকার্দে ভেলিও।
ডিফেন্স: জোয়াও কানসেলো, মাতেউস নুনেস, নুনো মেন্দেস, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, দিয়োগো ড্যালট, টমাস আরাউজো, রেনাতো ভেইগা, নেলসন সেমেদো।
মিডফিল্ড: ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, জোয়াও নেভেস, ভিতিনিয়া, রুবেন নেভেস, সামুয়েল কস্তা।
এ্যাটাক: ক্রিস্টিয়ানো রোনালদো, গনসালো রামোস, রাফায়েল লিয়াও, ফ্রান্সিসকো ত্রিনকাও, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, ফ্রান্সিসকো কনসেইসাও, গনসালো গেদেস।