ক্রীড়া ডেস্ক
ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড ছবি: সংগৃহীত
অবশেষে ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় ‘সাসপেন্স’ বা নাটকীয়তার যবনিকা পতন ঘটল। গত কয়েক মাস ধরে ফুটবল ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল—নেইমার কি থাকছেন ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে? চোট, অস্ত্রোপচার, ফিটনেস ফিরে পাওয়ার দীর্ঘ লড়াই আর মাঠের বাইরের হাজারো গুঞ্জন পেরিয়ে অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। সব শঙ্কা উড়িয়ে দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র।
রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে আয়োজিত এক জমকালো সংবাদ সম্মেলনে ব্রাজিলের ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি।
যেভাবে দলে ফিরলেন নেইমার
এই নন্দিত ও নিন্দিত মহাতারকাকে দলে নেওয়ার আগে কোচ কার্লো আনচেলত্তিও কম পরীক্ষা নেননি। ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুতে মারাত্মক চোট পাওয়ার পর থেকেই জাতীয় দলের রাডারের বাইরে ছিলেন নেইমার। চোট আর ফর্মহীনতার কারণে গত মার্চের ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও এই ইতালিয়ান মাস্টারমাইন্ড তাকে স্কোয়াডের বাইরে রেখেছিলেন। নেইমারের ফিটনেস নিয়ে কোচের মনে ছিল একরাশ সংশয়।
তবে সব বাধা পেরিয়ে ঘুরে দাঁড়িয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (১২৮ ম্যাচে ৭৯ গোল)। সৌদি আরবের চোটজর্জর অধ্যায় চুকিয়ে গত জানুয়ারিতে নেইমার ফিরে আসেন তার শৈশবের ক্লাব সান্তোসে। চেনা আঙিনায় চেনা ছন্দে ফিরে নিজেকে নতুন করে প্রমাণ করেন তিনি। আর তাতেই মিলে যায় আনচেলত্তির সবুজ সংকেত। ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপের পর এবার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নেইমার।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা শুরু করবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: আলিসন, এদেরসন, ওয়েভারতন।
ডিফেন্স: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গ্যাব্রিয়েল, রজার ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিওস, ওয়েসলি।
মিডফিল্ড: ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও, লুকাস পাকেতা।
এ্যাটাক: নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, এনদ্রিক, ইগর থিয়াগো, লুইস এনরিকে, মাথেউস কুনিয়া, রায়ান।