ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের ঠিক আগে ক্লাবের হয়ে দূর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছেন মেসি ছবি: গেটি ইমেজেস স্পোর্ট
লুইস সুয়ারেজ এবং লিওনেল মেসির সেই চেনা জুটির রসায়ন আর জাদুকরী পারফরম্যান্সে অবশেষে জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। নিজেদের নতুন হোম ভেন্যু 'নু স্টেডিয়াম'-এ দীর্ঘদিনের জয়খরা কাটিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। পোর্টল্যান্ড টাইমবার্সের বিপক্ষে পুরো ম্যাচজুড়েই আলো ছড়িয়েছেন আর্জেন্টাইন খুদে জাদুকর।
ম্যাচের অন্যতম সেরা মুহূর্তটি তৈরি হয় যখন লুইস সুয়ারেজের সঙ্গে চমৎকারভাবে বল আদান-প্রদান করে বিদ্যুৎ গতিতে পোর্টল্যান্ডের ডি-বক্সে ঢুকে পড়েন লিওনেল মেসি। প্রতিপক্ষ দলের চার-চারজন ডিফেন্ডার তাকে ঘিরে ধরে আটকানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন। নিখুঁত ড্রিবলিংয়ে বক্সে ঢুকে শেষ মুহূর্তে বাঁ-প্রান্তে খানিকটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা জার্মান বের্তারেমকে পাস বাড়িয়ে দেন মেসি। সেখান থেকে গোল করে মায়ামিকে এগিয়ে নিতে মেক্সিকোর এই ফরোয়ার্ডের বিন্দুমাত্র বেগ পেতে হয়নি।
প্রথমার্ধের লিড ধরে রেখে বিরতির পর ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন মেসি। তবে দুর্ভাগ্যবশত তার একটি দুর্দান্ত শট পোর্টল্যান্ডের পোস্ট ঘেঁষে মাঠের বাইরে চলে যায়। এরপর ফ্রি-কিক থেকেও গোল করার সুবর্ণ সুযোগ তৈরি করেছিলেন তিনি। কিন্তু পোর্টল্যান্ডের গোলকিপার জেমস প্যান্টেমিস অবিশ্বাস্য দক্ষতায় মেসির সেই বাঁকানো শটটি ঠেকিয়ে দিলে ব্যবধান আর বাড়েনি।
গত মাসে উদ্বোধন করা ২৭ হাজার আসনবিশিষ্ট চোখধাঁধানো 'নু স্টেডিয়াম'-এ এটি ছিল মায়ামির পঞ্চম ম্যাচ। এর আগের ম্যাচগুলোর রেকর্ড ইন্টার মায়ামির জন্য খুব একটা সুখকর ছিল না। ঘরের মাঠে আগের চার ম্যাচের মধ্যে তিনটিতেই ড্র করেছিল তারা। এমনকি অরল্যান্ডো সিটির বিপক্ষে এই মাঠেই ৩-০ গোলে এগিয়ে থাকার পরও রক্ষণভাগের ব্যর্থতায় ৪-৩ ব্যবধানে নাটকীয় হারের মুখ দেখতে হয়েছিল তাদের। তবে পোর্টল্যান্ডের বিপক্ষে এই জয়ের মাধ্যমে অবশেষে নতুন স্টেডিয়ামে জয়ের খরা কাটাতে সক্ষম হলো লিওনেল মেসির দল।
মেজর লিগ সকারে মেসির অবিশ্বাস্য পরিসংখ্যান
সামনে বিশ্বকাপ, আর তার আগেই নিজের চেনা ফর্মে ফেরার জোরালো ইঙ্গিত দিচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ চার ম্যাচেই গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ধারা বজায় রেখেছেন তিনি। চলতি বছর মেজর লিগ সকারে (এমএলএস) এখন পর্যন্ত ১৩ ম্যাচে মাঠে নেমে ১২টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬টি গোল। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ৩-০ বা ৪-৩ এর সমীকরণে মায়ামির আক্রমণভাগকে কতটা এককভাবে টেনে নিয়ে যাচ্ছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।
২০২৬ বিশ্বকাপ ও স্কালোনির দলে মেসি
২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে সোনালী ট্রফি এনে দেওয়া লিওনেল মেসি আগামী বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়ে ফুটবল বিশ্বে এখনও ধোঁয়াশা কাটেনি। মেসি নিজে এখনও বিষয়টি পরিষ্কার করে না বললেও, তার খেলার সম্ভাবনা যে প্রবল—তার আভাস মিলছে প্রতিনিয়ত। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য তার ৫৫ জনের প্রাথমিক দলে মেসিকে রেখেছেন। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ। আর বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে মেসির এমন বিধ্বংসী ফর্ম নিশ্চিতভাবেই স্বস্তি দিচ্ছে আর্জেন্টিনা ফুটবল ভক্তদের।