ক্রীড়া ডেস্ক
গতকাল রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩–০ গোলের জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি ছবি: সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে একদম শেষ মুহূর্তে। গতকাল রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩–০ গোলের জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে লিগের মুকুট জয়ের লড়াইটি গড়িয়েছে মৌসুমের একদম শেষ সপ্তাহে। সিটির এই জয়ে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে আর্সেনাল, যারা দীর্ঘ ২২ বছর পর লিগ জয়ের স্বপ্ন দেখছে।
ম্যাচটিতে ম্যানচেস্টার সিটির হয়ে লক্ষ্যভেদ করেছেন আন্তোনে সেমেনিও, ওমর মারমুশ ও সাভিনিও। এই জয়ে বর্তমানে ৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে পেপ গার্দিওলার দল। সমান সংখ্যক ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে থাকলেও, ব্যবধান মাত্র ২ পয়েন্টের।
গতকাল সিটি যদি পয়েন্ট হারাত, তবে আগামী সোমবার বার্নলিকে হারালেই শিরোপা উৎসব করতে পারত গানার্সরা। সেই সম্ভাবনা আপাতত স্থগিত হয়ে গেছে। তবে এখনো শিরোপার নাটাই আর্সেনালের হাতেই। নিজেদের বাকি দুই ম্যাচ জিতলে অন্য কোনো হিসাব ছাড়াই চ্যাম্পিয়ন হবে তারা। কিন্তু কোনো এক ম্যাচে পয়েন্ট হারালেই তিরে এসে তরি ডুবতে পারে তাদের।
সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে গোল ব্যবধান। যদি দুই দল সমান পয়েন্ট নিয়ে লিগ শেষ করে, তবে গোল ব্যবধানে এগিয়ে থাকা দল চ্যাম্পিয়ন হবে। এই মুহূর্তে এক্ষেত্রে এক গোলে এগিয়ে আছে সিটি (সিটি +৪৩, আর্সেনাল +৪২)। ফলে প্রতিটি গোল এখন মহামূল্যবান।
আগামী শনিবার এফএ কাপের ফাইনালে চেলসির মুখোমুখি হবে সিটি। সেই মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের কথা মাথায় রেখে গতকাল মূল একাদশে ছয়টি পরিবর্তন আনেন কোচ গার্দিওলা। আর্লিং হলান্ড, রায়ান চেরকি এবং জেরেমি ডকুদের মতো তারকাদের বিশ্রাম দেওয়া সত্ত্বেও দলের জয়ের ধারা অব্যাহত রয়েছে।
ম্যাচ শেষে লিগ জয়ের সম্ভাবনা নিয়ে গার্দিওলা বলেন:
"সবকিছু এখন আর্সেনালের ওপর নির্ভর করছে। তারা যদি বাকি দুটি ম্যাচ জিতে যায়, তবে আমাদের আর কিছু করার থাকবে না। আমাদের লক্ষ্য শুধু লড়াইয়ে টিকে থাকা, যাতে সুযোগ এলে আমরা তা কাজে লাগাতে পারি। তবে শেষ দুটি ম্যাচ মোটেও সহজ হবে না।"
এফএ কাপ ফাইনাল নিয়ে তিনি যোগ করেন, "এখন দ্রুত বিশ্রাম নিয়ে আমাদের এফএ কাপের প্রস্তুতিতে মনোযোগ দিতে হবে। এই প্রতিযোগিতার প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। গত দুবার আমরা ভালো খেলতে না পেরে হেরেছি, কিন্তু এবার আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব।"