ক্রীড়া ডেস্ক
৩ গোল/এসিস্ট নিয়ে বিশ্বকাপের আগে সেরা ছন্দে লিওনেল মেসি ছবি: ইয়াহু স্পোর্টস
আসন্ন ফুটবল বিশ্বকাপের দামামা বাজার ঠিক আগমুহূর্তে নিজের চেনা ছন্দে ফিরেছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। ক্লাবের জার্সিতে টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন তিনি। মেজর লিগ ফুটবলে আজ ভোরে সিনসিনাটির বিপক্ষে ইন্টার মায়ামির ৫–৩ গোলের দাপুটে জয়ে জোড়া গোল করেছেন মেসি। দুর্ভাগ্যবশত একটি গোল 'আত্মঘাতী' হিসেবে গণ্য হওয়ায় হ্যাটট্রিক থেকে বঞ্চিত হন এই কিংবদন্তি।
সিনসিনাটির ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই উজ্জ্বল ছিলেন মেসি। ম্যাচের ২৪ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে দলকে ১–০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। যদিও বিরতির পর সিনসিনাটি ঘুরে দাঁড়িয়ে ২–১ ব্যবধানে লিড নেয়, তবে বেশিক্ষণ তাদের স্বস্তিতে থাকতে দেননি মেসি। ৫৫ মিনিটে দুর্দান্ত এক আক্রমণে মায়ামিকে সমতায় ফেরান তিনি।
নাটকীয় এই ম্যাচে ৬৪ মিনিটে আবারও পিছিয়ে পড়েছিল মায়ামি। কিন্তু সেখান থেকেও দলকে টেনে তোলেন অধিনায়ক মেসি। ৭৯ মিনিটে তাঁর জাদুকরী পাস থেকেই গোল করে দলকে সমতায় ফেরান মাতেও সিলভেত্তি। ৮৪ মিনিটে বেরতেরামের গোলে মায়ামি লিড নেওয়ার পর ৮৯ মিনিটে হয় সেই আলোচিত গোলটি। মেসির নেওয়া শট পোস্টে লেগে গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ালে সেটি শেষ পর্যন্ত আত্মঘাতী গোল হিসেবে লিপিবদ্ধ হয়। ফলে হ্যাটট্রিক না পেলেও ম্যাচে মোট ৪টি গোলেই মেসির সরাসরি অবদান ছিল।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। সব মিলিয়ে মায়ামির হয়ে শেষ ৩ ম্যাচে মেসির গোল সংখ্যা ৪টি এবং সহায়তাও ৪টি। পেশাদার ফুটবল ক্যারিয়ারে মেসির মোট গোল সংখ্যা এখন ৯০৯। চলতি মৌসুমে মায়ামির হয়ে ১৪ ম্যাচে ১২টি গোল করার পাশাপাশি ৪টি গোলে সহায়তা করেছেন তিনি।
আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে মেসির এই অতিমানবীয় ফর্ম নিশ্চিতভাবেই স্বস্তি দেবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে। ম্যাচ শেষে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে মেসি লিখেছেন, ‘প্রতিপক্ষের মাঠে আরও একটি গুরুত্বপূর্ণ জয়।’
মায়ামির পরবর্তী ম্যাচ আগামী ১৮ মে বাংলাদেশ সময় ভোর ৪টায়, প্রতিপক্ষ পোর্টল্যান্ড। স্পোর্টস প্রেমীরা এখন মুখিয়ে আছেন মেসির পায়ের আরও জাদু দেখার অপেক্ষায়।