নিজস্ব প্রতিবেদক
যশোরের মেয়ে ইলা শিকদার ছবি: ধ্রুব নিউজ
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় বয়সভিত্তিক (১৪-২১ বছর) জুডো প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন যশোরের কৃতি সন্তানেরা। বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যবস্থাপনায় রাজধানীর পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া শিকদার ইলা রৌপ্য এবং ফারিয়া আক্তার রিনা তাম্র পদক জয় করে জেলার মুখ উজ্জ্বল করেছেন।
রোববার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। জুডো ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দা জান্নাত আরা। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ, বিকেএসপি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিসহ দেশের বিভিন্ন জেলা ও ক্লাবের মোট ১৫টি দলের ১১৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। ছেলে ও মেয়েদের পৃথক ১৪টি ওজন শ্রেণিতে এই লড়াই অনুষ্ঠিত হয়।
যশোর জেলা দলের টিম ম্যানেজার রাইয়ান রশিদ আবির জানান, অত্যন্ত কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ইলা ও রিনা এই গৌরব অর্জন করেন। তাদের এই লড়াকু পারফরম্যান্স স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
দলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে ক্রীড়া সংগঠক সৈয়দ আলী আনোয়ার বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো যশোরের গর্ব। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আমাদের খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে যে নৈপুণ্য দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এরা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের নাম উজ্জ্বল করবে।