রবিবার রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল ছবি: গেটি ইমেজ স্পোর্ট
আগামী রবিবার ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হচ্ছে আর্সেনাল—যাকে বলা হচ্ছে প্রিমিয়ার লিগ শিরোপা নির্ধারণী 'ম্যাসিভ' লড়াই। এই ম্যাচের আগে গানার বস মিকেল আর্তেতা সাফ জানিয়ে দিয়েছেন, তারা ড্র করতে নয় বরং পূর্ণ ৩ পয়েন্ট ছিনিয়ে নিতেই ম্যানচেস্টারে যাচ্ছেন। তবে বড় এই লড়াইয়ের আগে বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল; ইনজুরির কারণে এই ম্যাচে থাকছেন না দলের প্রধান তারকা বুকায়ো সাকা।
বর্তমানে ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আছে আর্সেনাল (যদিও সিটির হাতে একটি ম্যাচ বেশি আছে)। এই ম্যাচে ১ পয়েন্ট পেলেও শিরোপার দৌড়ে সুবিধাজনক অবস্থানে থাকবে গানাররা। কিন্তু আর্তেতা কোনো রক্ষণাত্মক কৌশলে যেতে রাজি নন। দুই বছর আগে ইতিহাদে ০-০ ড্র করার পর সিটির খেলোয়াড়রা আর্সেনালের 'মানসিকতা' নিয়ে যে সমালোচনা করেছিলেন, এবার তার জবাব দিতে চান তিনি।
আর্তেতা বলেন, "আমরা জয়ের লক্ষ্যেই সেখানে যাচ্ছি। ড্র নিয়ে আমাদের কোনো আলাপই হয়নি। গত পাঁচ বছরে আমরা প্রতিটি স্টেডিয়ামে যেভাবে জয়ের মানসিকতা নিয়ে গিয়েছি, এবারও তার ব্যতিক্রম হবে না।"
গত কয়েকবার সিটির বিপক্ষে আর্সেনালকে রক্ষণাত্মক ফুটবল খেলতে দেখা গেছে। এ প্রসঙ্গে আর্তেতা বলেন, "আমরা কখনোই ড্রয়ের জন্য পরিকল্পনা করি না। কিন্তু প্রতিপক্ষ যখন সিটির মতো শক্তিশালী হয়, তখন তারা আপনাকে নিজেদের বক্সে রক্ষণ করতে বাধ্য করে। এটা ফুটবলেরই বাস্তবতা।"
দলের জন্য সবথেকে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে চোট। গোড়ালির (একিলিস) সমস্যার কারণে বুকায়ো সাকা এই ম্যাচে নিশ্চিতভাবেই থাকছেন না। এছাড়া অধিনায়ক মার্টিন ওডেগার্ড এবং জুরিয়েন টিম্বার খেলবেন কি না, তা নিয়ে এখনো সংশয় রয়েছে।
সাকার অনুপস্থিতি নিয়ে আর্তেতা বলেন, "বুকায়ো খেলছে না, এটা নিশ্চিত। আমরা পুরো মৌসুমজুড়েই চোটের সাথে লড়াই করছি। অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দীর্ঘ সময় না পাওয়ার পরেও আমরা যেখানে আছি, সেটা আমাদের দৃঢ় মানসিকতারই প্রমাণ। আমরা এখনো শক্তিশালী এবং সেভাবেই লড়ে যাব।"
২২ বছরের লিগ শিরোপার খরা কাটাতে মরিয়া আর্সেনাল কি পারবে পেপ গার্দিওলার দুর্গে হানা দিতে? উত্তর পাওয়া যাবে রবিবার রাতেই।