ক্রীড়া ডেস্ক
ফুটবল বিশ্বকাপ ট্রফি ছবি: সংগৃহীত
আসন্ন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরুর আগেই টিকিটের দাম নিয়ে রীতিমতো হাহাকার শুরু হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগের শেষ ধাপের টিকিট বিক্রির আগে দেখা যাচ্ছে, ফাইনাল ম্যাচের টিকিটের দাম প্রত্যাশার চেয়ে কয়েক গুণ বেড়ে সর্বোচ্চ ১০,৯৯০ ডলারে (প্রায় ১৩ লাখ টাকা) পৌঁছেছে।
যৌথ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো শুরুতে ক্যাটাগরি-৩ টিকিটের দাম সর্বনিম্ন ৬৯৫ ডলার এবং সর্বোচ্চ ১,৫৫০ ডলার রাখার প্রস্তাব করেছিল। কিন্তু বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ফিফার সর্বশেষ তথ্য অনুযায়ী টিকিটের সর্বোচ্চ দাম ১০,৯০০ ডলার এবং প্রবেশমূল্য (এন্ট্রি-লেভেল) ৫,৭৮৫ ডলার।
গত অক্টোবর থেকে সাধারণ বিক্রয় প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই দাম ক্রমাগত বাড়ছে। শুরুতে ক্যাটাগরি-৩ টিকিটের দাম ২,৭৯০ ডলার এবং ক্যাটাগরি-১ টিকিটের দাম ৬,৭৩০ ডলার থাকলেও, কয়েক মাসের ব্যবধানে তা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে।
শুধু ফাইনাল নয়, গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের দামও সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। উদাহরণস্বরূপ, ১৩ জুন প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচের একটি ক্যাটাগরি-১ টিকিটের দাম ধরা হয়েছে ২,৭৩৫ ডলার।
ফিফা অবশ্য এই চড়া দামের পক্ষে যুক্তি দিচ্ছে। তাদের মতে, উত্তর আমেরিকার বাজারের ধরন এবং টিকিটের ব্যাপক চাহিদার কারণেই এই মূল্য নির্ধারণ করা হয়েছে। ফিফা আরও জানিয়েছে, বিশ্বকাপ থেকে অর্জিত এই বিশাল রাজস্ব বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে।
ফিফা মূলত ‘ডাইনামিক প্রাইসিং’ পদ্ধতি ব্যবহার করছে, যার ফলে চাহিদার ওপর ভিত্তি করে টিকিটের দাম প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ফলে ঠিক কোন সিটের প্রকৃত মূল্য কত, তা নিশ্চিতভাবে বলা কঠিন হয়ে দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে, বড় দলগুলোর ম্যাচের টিকিটের দাম রাখা হচ্ছে অনেক বেশি।
সস্তা টিকিটের রহস্য!
শুরুতে টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে সমালোচনা হওয়ার পর ফিফা একটি বিশেষ 'সাপোর্টার এন্ট্রি টিয়ার' চালু করেছিল। সেখানে মাত্র ৬০ ডলারে কয়েকশ টিকিট ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে মজার ব্যাপার হলো, এই সপ্তাহের বিক্রয় উইন্ডোতে ওই ৬০ ডলারের কোনো টিকিটের অস্তিত্ব পাওয়া যায়নি। সেই টিকিটগুলো কি আদৌ বিক্রি হয়েছে, নাকি গায়েব হয়ে গেছে—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
ফুটবল প্রেমীদের জন্য এখন এটাই বড় প্রশ্ন: গ্যালারিতে বসে স্বপ্নের ফাইনাল দেখা কি কেবল ধনকুবেরদের বিলাসিতাই হয়ে থাকবে?