Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৯ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইতিহাস গড়ল ভারত: টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বজয় সূর্যকুমারদের

স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশ : রবিবার, ৮ মার্চ,২০২৬, ১১:৫৯ পিএম
ইতিহাস গড়ল ভারত: টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বজয় সূর্যকুমারদের

১১ বছরের ট্রফি খরা কাটার পর মাত্র তিন বছরে তিনটি আইসিসি ট্রফি! ২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২০২৬-এও ভারতের জয়জয়কার। ঘরের মাঠে প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়ল ভারত। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলল টিম ইন্ডিয়া।

ফাইনালের পিচে যেখানে যে কেউ আগে ব্যাটিং করতে চাইবে, সেখানে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার টসে জিতে ভারতকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। এই সিদ্ধান্তই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। স্যান্টনার ঘাসের দোহাই দিলেও ভারতীয় ওপেনাররা প্রথম থেকেই কিউয়ি বোলারদের ওপর ছড়ি ঘোরাতে শুরু করেন। সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা মিলে পাওয়ার প্লে-র ৬ ওভারে তুললেন ৯২ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ফাইনালে এটি যুগ্ম সর্বোচ্চ স্কোর। অভিষেক শর্মা, যার ফর্ম নিয়ে সারা টুর্নামেন্টে সমালোচনা হয়েছিল, তিনি মোক্ষম সময়ে জ্বলে উঠলেন। ডাফি এবং ফার্গুসনকে মাঠের বাইরে পাঠিয়ে নিজের জাত চেনালেন এই তরুণ তুর্কি।

মাঝের ওভারে জিমি নিশাম এক ওভারে সঞ্জু, ঈশান ও সূর্যকুমারকে ফিরিয়ে দিলে ভারতের রানের গতি কিছুটা থমকে গিয়েছিল। কিন্তু শেষ ওভারে শিবম দুবে তান্ডব চালালেন। নিশামের ওভার থেকে এল ২৪ রান। ভারত পৌঁছাল ২৫৫ রানের এক বিশাল স্কোরে। বোলিং করতে নেমে শুরুতেই ধাক্কা দেন অক্ষর প্যাটেল ওরফে 'বাপু'। নিজের প্রথম ৩ ওভারেই ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে কিউয়িদের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। অন্যদিকে জাসপ্রিত বুমরা নিজের ঘরের মাঠে আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের সেরা। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নিলেন ৪টি উইকেট।

ব্যাট হাতে ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর ফিল্ডিংয়েও অতিমানবীয় পারফরম্যান্স দেখালেন ঈশান কিষাণ। বাউন্ডারি লাইনে তাঁর তিনটি অসাধারণ ক্যাচ কিউয়ি ব্যাটারদের ফেরার পথ প্রশস্ত করে দেয়। গত ১০ বছরে ৬টি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলে মাত্র একটিতে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ভারতের কাছে পর পর বড় টুর্নামেন্টের ফাইনালে হার আবারও তাদের গায়ে 'চোকার্স' তকমা সেঁটে দিল কি না, সেই প্রশ্ন তুলছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ।

১১ বছর আইসিসি ট্রফির জন্য হাহাকার করা ভারতীয় ক্রিকেট এখন অপরাজেয় এক শক্তিতে পরিণত হয়েছে। গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত যেন জেতার অভ্যাস তৈরি করে ফেলেছে। ভারত প্রথম দেশ হিসেবে টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল এবং প্রথম আয়োজক দেশ হিসেবে শিরোপা অর্জনের ইতিহাস গড়ল। ২০২৪ থেকে ২০২৬-এর মধ্যে ভারত ৭টি আইসিসি টুর্নামেন্টের সবকটিতেই নিজেদের আধিপত্য বজায় রেখেছে।

ম্যাচের সংক্ষিপ্ত ফলাফল:

·         ভারত: ২৫৫/৭ (২০ ওভার)

·         নিউজিল্যান্ড: ১৫৯/১০ (১৮.২ ওভার)

·         ফল: ভারত ৯৬ রানে জয়ী।

·         ম্যাচ সেরা: জাসপ্রিত বুমরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)