ধ্রুব ডেস্ক
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
২০২৪ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর রাজনৈতিক প্রেক্ষাপট ও মামলা সংক্রান্ত জটিলতায় আর দেশে ফেরা হয়নি তার। ফলে ফেরা হয়নি মাঠে।
জাতীয় দলে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। লাল-সবুজের জার্সিতে প্রত্যাবর্তনের পথে এগিয়ে গেছেন অনেকটাই। ইতোমধ্যে সবুজ সঙ্কেত পেয়েছেন বিসিবি থেকে, এবার আইনি বাধা সামলে উঠলেই হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সাকিবের সব আইনি ঝামেলার ফাইল ক্রীড়া মন্ত্রণালয়ে পৌঁছে দেয়া হবে। সেই সাথে তার আইনি জটিলতা নিরসনে বিসিবির উচ্চপর্যায় থেকে জোরালো তৎপরতা শুরু হয়েছে।
২০২৪ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর রাজনৈতিক প্রেক্ষাপট ও মামলা সংক্রান্ত জটিলতায় আর দেশে ফেরা হয়নি তার। ফলে ফেরা হয়নি মাঠে।
তবে দীর্ঘ প্রতীক্ষার পর সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে যোগ দেয়া নিয়ে নতুন করে আশার আলো দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের পক্ষ থেকে দিয়ে দিয়েছে সবুজ সঙ্কেত।
এই প্রসঙ্গে বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আসিফ আকবর বলেন, ‘গতকাল ক্রীড়া প্রতি মন্ত্রীর সাথে মিটিং ছিল। আমাদের সিইও ও ফারুক ভাই ফাইলটা নিয়ে গিয়েছিলেন। আমিনুল সাহেবকে ব্রিফ করা হয়েছে। উনি বলেছেন এটা আজ সচিব সাহেবের কাছে পৌঁছে দিতে।’
ফাইলটি সচিব বরাবর পৌঁছে দেয়ার মাধ্যমে বিসিবির প্রাথমিক কাজ শেষ হবে বলে জানান আসিফ।
এখন পরবর্তী সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে জানিয়ে তিনি বলেন, ‘ফাইল জমা দেয়ার মাধ্যমে বিসিবির কাজ শেষ। বাকিটা সরকারের বিষয়। আশা করছি পাকিস্তান সিরিজেই আমরা সাকিবকে পাব। ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন যে, মামলা পুনর্বিবেচনা হবে, এটা পজিটিভ। স্বরাষ্ট্র মন্ত্রীও বলেছেন ৫ অগাস্টের পরের মামলাগুলো পুনর্বিবেচনা করবে, এটা শুনে ভালোই লাগলো। এখন আশা করি সরকার দ্রুতই সিদ্ধান্ত নিবে। আশা করি সাকিবকে আমরা দ্রুতই ফিরে পাবো।’