Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইনশাআল্লাহ সাফ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ— হামজা চৌধুরি

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৬:৩৩ পিএম
ইনশাআল্লাহ সাফ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ—  হামজা চৌধুরি

অনুশীলনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হামজা চৌধুরি ছবি: সংগৃহীত

২০০৩ সালে দেশের মাটিতে মালদ্বীপকে হারিয়ে লাল-সবুজের ফুটবলে যে সোনালী অধ্যায়ের সূচনা হয়েছিল, দীর্ঘ ২৩ বছরেও তার পুনরাবৃত্তি ঘটেনি। ২০০৫ সালের ফাইনালে ভারতের কাছে রানার্স-আপ হওয়ার পর থেকে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা কেবলই আক্ষেপের গল্প হয়ে থেকেছে। তবে দীর্ঘ এই খরা কাটানোর সুবর্ণ সুযোগ নিয়ে এবার ঘরের মাঠে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ।

ঢাকায় চলমান ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে থমাস ডুলির দল। ভুটানের বিপক্ষে উদ্বোধনী জয় দিয়ে আসর শুরু করা বাংলাদেশ দল সুবিধাজনক অবস্থানে রয়েছে। গ্রুপের অন্য ম্যাচে ভুটান ও শ্রীলঙ্কা ২-২ ড্র করায় এক ম্যাচ হাতে রেখেই শেষ চারের টিকিট নিশ্চিত করে জামাল ভূঁইয়ারা। আজ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেলে সেমিফাইনালে পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে স্বাগতিকদের।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মঙ্গলবার হাজির হয়ে বড় স্বপ্নের কথা শুনিয়েছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। প্রথম ম্যাচ মিস করলেও সোমবার ঢাকায় পৌঁছেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। লাল-সবুজ জার্সিতে ইতিমধ্যে ৪ গোল করা এই ফুটবলার টুর্নামেন্ট নিয়ে নিজের রোমাঞ্চ লুকাতে পারেননি।

সংবাদ সম্মেলনে হামজা বলেন, ‘আমি ভীষণ এক্সাইটেড। ভুটানের বিপক্ষে ম্যাচে সবাই দেখেছেন আমরা কতটা উজ্জীবিত ছিলাম। দলের মোমেন্টাম বজায় রাখতে আমরা প্রতিটি ম্যাচই জিততে চাই। জানি, আমার ওপর বাড়তি চাপ রয়েছে, তবে ড্রেসিংরুমের সবাই ম্যাচ জিততে এবং ইনশাআল্লাহ সাফ চ্যাম্পিয়ন হতে মুখিয়ে আছে।’

২৩ বছরের শিরোপা খরা কাটাতে মুখিয়ে থাকা দেশবাসীর প্রত্যাশার চাপ নিয়ে হামজা আত্মবিশ্বাসী সুরে জানান, দেশের মানুষের আবেগ ও চাওয়ার কথা তারা ভালোভাবেই জানেন। সিঙ্গাপুর, হংকং ও ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের অভিজ্ঞতা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা জানি আমাদের উন্নতির জায়গা কোথায় এবং আরও ভালো ফুটবল আমরা খেলতে পারি। তাই ইনশাআল্লাহ এই টুর্নামেন্টে আমরাই চ্যাম্পিয়ন হব।’

আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকরা। সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় এই ম্যাচের ফল বাংলাদেশের পরের রাউন্ডে কোনো প্রভাব ফেলবে না। তা ছাড়া সাফে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড বেশ সমৃদ্ধ; তিনবারের দেখায় দুটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। তবে লঙ্কানদের হালকাভাবে নিতে নারাজ হামজা।

প্রতিপক্ষকে সমীহ করে তিনি বলেন, ‘শ্রীলঙ্কা বেশ শক্তিশালী দল এবং গত এক বছরে তারা দারুণ উন্নতি করেছে। তবে আমরাও পিছিয়ে নেই। ভুটানের বিপক্ষে ম্যাচটি কঠিন হলেও আলহামদুলিল্লাহ আমরা জিতেছি, যা আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। এখন আমাদের চেয়ে তাদের ওপরই চাপ বেশি, কারণ টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাদের হার এড়াতে হবে। আমরা বিষয়টি নিয়ে রোমাঞ্চিত এবং ইনশাআল্লাহ ম্যাচটি আমরাই জিতব।’

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)