ক্রীড়া ডেস্ক
সেঞ্চুরিতে সমালোচনার জবাব দিলেন হৃদয় ছবি: সংগৃহীত
মিরপুর টেস্টের পর থেকেই ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তাওহীদ হৃদয়। দুই ইনিংসেই অতি আক্রমণাত্মক শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দেওয়ায় তাকে নিয়ে তৈরি হয়েছিল তীব্র সমালোচনা। তবে সমালোচকদের কথায় কান না দিয়ে ব্যাট দিয়েই তার উপযুক্ত জবাব দিলেন এই ব্যাটার। সিলেট টেস্টের তৃতীয় দিনে দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে এক প্রান্ত আগলে রেখে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। আর তার এই লড়াকু ইনিংসে ভর করেই ফলোঅন এড়ানোর স্বস্তি পেল বাংলাদেশ।
আজ ৩ উইকেটে ৮৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটার তাওহীদ হৃদয় (২৯) ও মুশফিকুর রহিম (১৯) আজ সকালে দলের ইনিংস মেরামতের দায়িত্ব নেন। তবে দিনের শুরুতেই অভিজ্ঞ মুশফিক নিজের ইনিংসটাকে বড় করতে ব্যর্থ হন। ব্যক্তিগত স্কোরে মাত্র ৫ রান যোগ করে ৩৪ রানে সাজঘরে ফেরেন তিনি। তার বিদায়ের পর লিটন দাসও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি, মাত্র ৮ রান করে আউট হন।
দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে দল যখন চরম বিপদে, তখন মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন হৃদয়। এই জুটিতে আসে গুরুত্বপূর্ণ ৪১ রান। মিরাজ ১৬ রানে আউট হওয়ার পর হাসান মাহমুদও মাত্র ১ রানে বিদায় নেন। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে নিজের স্বভাবসুলভ ও পরিপক্ব ব্যাটিং চালিয়ে যান হৃদয়। শেষ পর্যন্ত লাঞ্চ বিরতির ঠিক আগে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নেন তিনি।