বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
ডার্ক ওয়েবের বিজ্ঞাপনে বাংলাদেশি চাকুরি প্রার্থীরের সিভি ছবি: সংগৃহীত
ডার্ক ওয়েবে বাংলাদেশের অন্যতম শীর্ষ অনলাইন ভিত্তিক নিয়োগ সংক্রান্ত প্ল্যাটফর্ম বিডিজবস (Bdjobs)-এর প্রায় ৬০ লাখ চাকরিপ্রার্থীর জীবনবৃত্তান্ত (সিভি) বিক্রির বিজ্ঞাপন ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। "মাদারাক্স" (madarax) নামের একটি হ্যাকার গ্রুপ দাবি করেছে, তাদের কাছে বাংলাদেশি চাকরিপ্রার্থীদের ব্যক্তিগত ও পেশাগত তথ্যের এক বিশাল ভান্ডার রয়েছে। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় সাইটের তথ্য চুরির এই অভিযোগ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
রবিবার ডার্ক ওয়েবের একটি ফোরামে হ্যাকার গ্রুপটি ওই বিজ্ঞপ্তিটি পোস্ট করে। তাদের দাবি অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে চাকরিপ্রার্থীদের নাম, ফোন নম্বর, ঠিকানা, ইমেইল, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় সংবেদনশীল রেকর্ড। পুরো ডাটাবেজটির বিক্রিমূল্য নির্ধারণ করা হয়েছে ১,০০০ মার্কিন ডলার, যা পেটিএম, ওয়াইজ, পে-ইউ কিংবা বিনান্সের মতো আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে সর্বোচ্চ ৫ জন ক্রেতার কাছে হস্তান্তর করা হবে বলে উল্লেখ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হলে বিডিজবস এক প্রাতিষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে পরিস্থিতি স্পষ্ট করে। সাইটের নিরাপত্তা বেষ্টনী ভাঙার দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে ডিরেক্টররা জানান, প্রতিষ্ঠার শুরু থেকেই ব্যবহারকারীদের ডেটা সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্ল্যাটফর্মটিতে কঠোর অ্যাক্সেস কন্ট্রোল ও নিরাপত্তা ব্যবস্থা বহাল রয়েছে, যা নির্ধারণ করে কারা কার প্রোফাইল দেখতে পারবেন।
বিডিজবস জানিয়েছে, এটি মূলত একটি খোলামেলা প্ল্যাটফর্ম যেখানে নিবন্ধিত লাখ লাখ নিয়োগকারী প্রতিষ্ঠান সরাসরি চাকরিপ্রার্থীদের সিভি দেখার সুযোগ পান। শুধুমাত্র নিয়োগ প্রক্রিয়ার স্বার্থেই মালিকপক্ষকে এসব তথ্য দেখার অনুমতি দেওয়া হয়। কোনো অসাধু নিয়োগকর্তা যদি সেই সুযোগের অপব্যবহার করে সংবেদনশীল তথ্য তৃতীয় কোনো পক্ষের কাছে বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করেন, তবে অভিযোগের ভিত্তিতে সেই নির্দিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি পর্যালোচনা করে বিডিজবস ব্যবহারকারীদের অযাচাইকৃত বা ভিত্তিহীন গুজবে কান না দেওয়ার বিনীত অনুরোধ জানিয়েছে।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার