বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারকে শিক্ষার্থীদের কাছে আরও সহজ ও পৌঁছানোর উপযোগী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। নতুন ‘ব্যাক টু স্কুল’ প্রোগ্রামের আওতায় বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য এক বছরের বিনামূল্যে ‘গুগল এআই প্রো’ ব্যবহারের বড় সুযোগ উন্মোচন করা হয়েছে। এই অফারের অধীনে যোগ্য শিক্ষার্থীরা সাধারণ গ্রাহকদের চেয়ে দ্বিগুণ ব্যবহারের সীমা (ইউসেজ লিমিট) এবং ৪০০ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ সুবিধা পাবেন। এখানেই শেষ নয়, অন্যান্য সাবস্ক্রিপশনের ক্ষেত্রে গুগল এআই প্রো ও ইউটিউব প্রিমিয়ামে শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে ৭০ শতাংশ পর্যন্ত বিশাল ছাড়।
বাংলাদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই বৈশ্বিক সুবিধার বাইরে নন। তবে অফারটি সচল করতে শিক্ষার্থীর নির্দিষ্ট কিছু যোগ্যতা ও তথ্যপ্রমাণ থাকতে হবে। আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে এবং একটি ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সপক্ষে বৈধ স্টুডেন্ট আইডি কার্ড অথবা সাম্প্রতিক সেমিস্টার ফি প্রদানের রসিদ জমা দেওয়া বাধ্যতামূলক।
পড়াশোনার মান উন্নত করতে গুগলের শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল 'জেমিনি প্রো' বিশেষভাবে সাহায্য করবে। দ্রুত ও নির্ভুল তথ্য জোগানোর পাশাপাশি এটি জটিল কোডিং, তথ্য বিশ্লেষণ, গাণিতিক সমাধান ও কঠিন তত্ত্ব সহজ ভাষায় বুঝিয়ে দিতে পারদর্শী। এর মাধ্যমে অ্যাসাইনমেন্ট, একাডেমিক রিপোর্ট, প্রেজেন্টেশন ও কুইজের খসড়া মুহূর্তেই তৈরি করা সম্ভব। এছাড়া, নতুন যুক্ত হওয়া ‘স্টুডেন্ট হাব’-এ নিজেদের ক্লাসের নোট ও সিলেবাস আপলোড করলে জেমিনি তা বিশ্লেষণ করে ব্যক্তিগত পড়ার পরিকল্পনা, লার্নিং নোট ও পারসোনালাইজড কুইজ বানিয়ে দেবে। কঠিন বিষয় সহজে ব্যাখ্যা করতে এতে রাখা হয়েছে ত্রিমাত্রিক (3D) ভিজ্যুয়ালাইজেশন, ইন্টারঅ্যাক্টিভ সিমুলেশন ও ডেটা টেবিল তৈরির সুবিধা। সেই সাথে জেমিনি লাইভের সঙ্গে যুক্ত থাকছে ডিপ রিসার্চ ফিচার।
বিনামূল্যের এই বিশেষ সেবাটি চালু করার প্রক্রিয়া বেশ সহজ। প্রথমে ব্রাউজারে ব্যক্তিগত জিমেইল লগইন করে ‘Google One Student Page’-এ প্রবেশ করে ‘Get Student Offer’ বাটনে ক্লিক করতে হবে। এরপর দেশ হিসেবে Bangladesh নির্বাচন করে বিশ্ববিদ্যালয় ও নিজের নাম লিখে স্টুডেন্ট আইডি বা সেমিস্টার ফির পে-স্লিপের ছবি আপলোড করতে হবে। তথ্য যাচাই-বাছাই শেষে গুগল কয়েক মিনিটের মধ্যেই সংযোগটি নিশ্চিত করবে।
পুরো এক বছর এটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া গেলেও অ্যাকাউন্ট সক্রিয় করতে একটি আন্তর্জাতিক লেনদেন সমর্থনকারী পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে। এর জন্য পাসপোর্ট অ্যান্ডোর্সমেন্ট করা ডুয়াল-কারেন্সি ডেবিট/ক্রেডিট কার্ড বা বৈধ ভার্চুয়াল ডলার কার্ড ব্যবহার করা যাবে। পরীক্ষামূলক এই ১২ মাসের মেয়াদে কার্ড থেকে কোনো অর্থ কাটা হবে না। গুগলের এই বিশেষ শিক্ষার্থী অফারটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।