কোটচাঁদপুর প্রতিনিধি
মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুরে এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে মজুত করা ১৪ বস্তা টিএসপি সার পাওয়ার ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার কাগমারী গ্রামের হাটখোলা পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন ওই গ্রামের শামসুল বিশ্বাসের ছেলে। তিনি বালাইনাশক বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
অভিযান সূত্রে জানা যায়, আলমগীর হোসেনের বাড়িতে অবৈধভাবে মজুত করা ১৪ বস্তা টিএসপি সার পাওয়া যায়। পরে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হুসাইনের নেতৃত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ হোসেনের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সার মজুতের বিষয়টি যাচাই-বাছাই শেষে কৃষি সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(১) ধারায় আলমগীর হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, সারের অনিয়মিত মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির প্রবণতা প্রতিরোধ এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
কৃষি খাতে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত নিয়মের বাইরে সার মজুতের প্রবণতা ঠেকাতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।