নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
বিশ্বব্যাপী পোলিও নির্মূল ও শতভাগ পোলিওমুক্ত পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে যশোরে সচেতনতামূলক র্যালি ও সামাজিক কর্মসূচির আয়োজন করেছে রোটারি আন্তর্জাতিক জেলা ৬৪ বাংলাদেশ (যশোর জোন)। আন্তর্জাতিক পোলিও দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় যশোর জেলা পরিষদ মিলনায়তন (বিডি হল) প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রোগ্রাম চেয়ারম্যান কাজী আজিজুর রহমান রনি।
তিনি বলেন, পোলিও নির্মূলে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয় হলেও বৈশ্বিক ঝুঁকির কারণে অসচেতন থাকার সুযোগ নেই। বিশ্ব থেকে এ রোগ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
আয়োজকরা জানান, শনিবার বিকেল ৪টায় বিডি হল প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের দড়াটানা, চিত্রার মোড় ও ল্যাবস্ক্যানের সামনে দিয়ে অতিক্রম করে যশোর ইনস্টিটিউটের সামনে টাউন হল ময়দানে গিয়ে শেষ হবে।
বক্তারা জানান, ১৯৮৫ সালে রোটারি ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী পোলিও নির্মূলের উদ্যোগ নেওয়ার পর থেকে পোলিও সংক্রমণ ৯৯ দশমিক ৯ শতাংশ কমেছে। পোলিওমুক্ত বিশ্ব গড়তে যশোর জোনের প্রতিটি ক্লাব ও সদস্য সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৬৪ বাংলাদেশের যশোর জোনের কো-অর্ডিনেটর (অ্যাডমিন) রোটারিয়ান খাইরুল কবির চঞ্চল, প্রেসক্লাব যশোরের সভাপতি রোটারিয়ান জাহিদ হাসান টুকুন, ডেপুটি কো-অর্ডিনেটর (সার্ভিস প্রজেক্ট) রোটারিয়ান শামসুল আলম, ডেপুটি কো-অর্ডিনেটর (মেম্বারশিপ) রোটারিয়ান সাইফুল্লাহ খালেদ, ডেপুটি কো-অর্ডিনেটর (পাবলিক ইমেজ) রোটারিয়ান সোনিয়া ইসলাম, ডেপুটি কো-অর্ডিনেটর (পার্টনার ইন সার্ভিস) রোটারিয়ান রাজু আহমেদ ও রোটারিয়ান রবিউল ইসলাম।
এ ছাড়া যশোর জোনের বিভিন্ন রোটারি ক্লাবের সভাপতি, রিপসা টিমের সদস্য, রোটারিয়ান ও রোটার্যাক্ট সদস্যরা উপস্থিত ছিলেন।