কোটচাঁদপুর প্রতিনিধি
গ্রেপ্তারকৃত আসামীদের একাংশ ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুরে পৃথক অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামি, নিয়মিত মামলার এক আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামি এবং অসামাজিক কার্যকলাপের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
কোটচাঁদপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোড়া ইউনিয়নের ভোমরাডাঙ্গা গ্রামের আব্দুল হামিদকে (৬৫) গ্রেপ্তার করা হয়। তিনি সন্ত্রাসবিরোধী আইনে করা থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। মামলাটি গত ২১ সেপ্টেম্বর দায়ের করা হয়।
এ ছাড়া নিয়মিত মামলার এজাহারনামায় আসামি মোহনপুর গ্রামের ছোবদুল হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাটি গত ১৪ অক্টোবর কোটচাঁদপুর থানায় দায়ের করা হয়। একই দিনে নন-এফআইআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সারটিয়া গ্রামের মো. আহসান হাবিবকেও তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির একটি দল উপজেলার দুধসরা এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ঝিনাইদহের মহেশপুর এবং চুয়াডাঙ্গার দর্শনা এলাকার বাসিন্দা রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশের ফ্ল্যাশ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অন্যদেরও যথাযথ আইনি প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের পাঠানো তথ্য অনুযায়ী, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।