Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ৭৪৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৬:১৪ পিএম
যশোরে ৭৪৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি

ছবি: ধ্রুব নিউজ

সম্প্রীতি ও উৎসবের আমেজে যশোরে উদযাপিত হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবারের দুর্গোৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর জেলা শাখা। নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের লালদিঘীর পূর্বপাড়ে জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রস্তুতির কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোর জেলার আটটি উপজেলায় এবার দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে যশোর সদরে ১৩৫টি, অভয়নগরে ১৩৩টি, মনিরামপুরে ১৩১টি, কেশবপুরে ১০২টি, বাঘারপাড়ায় ৮২টি, ঝিকরগাছায় ৬১টি, চৌগাছায় ৫৩টি এবং শার্শায় ৩২টি মন্দির ও মণ্ডপ রয়েছে।

১৫ অক্টোবর সকালে বোধন ও বিকেলে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। ইতোমধ্যে বিভিন্ন মণ্ডপে প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে রয়েছে।

দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যশোর শহরের লালদিঘীর পাড়ে পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এ কন্ট্রোল রুম থেকে সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এনএসআই, ডিজিএফআই, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করা হচ্ছে।

এ ছাড়া প্রতিটি মণ্ডপে নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথ, বিকল্প আলোর ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় হিন্দু-মুসলিম প্রবীণদের সমন্বয়ে নিরাপত্তা কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

উৎসব চলাকালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্ষতিকর ও উত্তেজনা সৃষ্টিকারী গান পরিবেশন থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

দুর্গোৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করতে জেলার প্রতিটি উপজেলায় হিন্দু-মুসলিম জনগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণে সম্প্রীতি শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরাও এ উদ্যোগে সংহতি প্রকাশ করছেন।

পূজা উদযাপন পরিষদের নেতারা আশা প্রকাশ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক রতন আচার্য্য, প্রচার সম্পাদক প্রশান্ত সরকার, সদর উপজেলা কমিটির সভাপতি রবিন কুমার পাল, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, কোষাধ্যক্ষ আনন্দ সাহা এবং পৌর কমিটির সাধারণ সম্পাদক উৎপল কুমার ঘোষ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)