Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ১০ দফা দাবিতে ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের সংবাদ সম্মেলন

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ১২:৩৬ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ১০ দফা দাবিতে ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের সংবাদ সম্মেলন

১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘জুলাই যোদ্ধা সংগঠন’, ছবি: ধ্রুব নিউজ

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘জুলাই যোদ্ধা সংগঠন’, যশোর জেলা শাখা। আজ মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক আহাদ হোসাইন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ সময় তিনি জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের যথাযথ পুনর্বাসনের দাবি জানান।

তিনি আরও বলেন, সারাদেশে চলমান মব সন্ত্রাস বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত এবং রাজনৈতিক দমন-পীড়নের সংস্কৃতি বন্ধ করে জুলাইপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখতে সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনে উত্থাপিত অন্যান্য দাবির মধ্যে রয়েছে— জুলাই গণঅভ্যুত্থানের সময় অগ্নিদগ্ধ হয়ে নিহতদের মধ্যে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন  তাদের শহীদের মর্যাদা প্রদান এবং তাদের পরিবারের জন্য ঘোষিত সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

বক্তারা বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের বিজয় কোনো একক রাজনৈতিক দলের নয়, এটি সমগ্র বাংলাদেশের মানুষের অর্জন। তাই কোনো রাজনৈতিক দল যেন এই অর্জনকে এককভাবে কুক্ষিগত করতে না পারে, সে বিষয়ে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।"

সংবাদ সম্মেলন থেকে জুলাই যোদ্ধা ও শহীদদের তালিকা পুনরায় যাচাই করে ভুয়া নাম বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এবং জনগণের প্রত্যাশা পূরণে পেশকৃত ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব, জুলাই শহীদ আব্দুল্লাহর মা রওশন আরা, শহীদ আবরার মানসুন নীলের মা জেসমিন আক্তার ও আবিদ হাসান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)