নিজস্ব প্রতিবেদক
যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল অসহায় ও দরিদ্র মানুষের খোঁজখবর নেন। ছবি: ধ্রুব নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির এবং যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল অসহায় ও দরিদ্র মানুষের খোঁজখবর নিয়েছেন এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন। আজ শনিবার (১৮ জুলাই) দিনব্যাপী যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ও জহুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি আহত, পঙ্গু, অসহায় ও দুস্থ মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
সকালে শুরু হওয়া এ সফরে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বিভিন্ন গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি মানুষের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এ সময় তিনি বলেন, "সমাজের অবহেলিত, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সচেতন মানুষের নৈতিক দায়িত্ব। জনগণের কল্যাণে এবং মানবিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
সফরকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফিজ হাফিজুর রহমান, বন্দবিলা ইউনিয়ন আমির সামদানী, ইউনিয়ন সেক্রেটারি হুমায়ুন কবির, জহুরপুর ইউনিয়ন সভাপতি হাফেজ আবুল কাশেম, ইউনিয়ন সেক্রেটারি মনজুর কাদের, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খাজুরা সাংগঠনিক শাখার সভাপতি মাহাফুজ হোসেন ফুরকান এবং সাবেক শিবির নেতা মুন্তাছিরসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা নিজেদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।