নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়ন লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে লোকমান হোসেন এবং সম্পাদক পদে সাজ্জাদুল আলম নির্বাচিত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) প্রেসক্লাব যশোর মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৩টা পর্যন্ত। সংগঠনের মোট ৭৬ জন ভোটারের মধ্যে ৭৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১২টি পদের বিপরীতে ২৪ জন নেতৃত্বপ্রত্যাশী অংশ নেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে লোকমান হোসেন ৫১ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রওশন আলী পান ২১ ভোট। সম্পাদক পদে সাজ্জাদুল আলম ৪৮ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তাঁর দুই প্রতিদ্বন্দ্বী ইনতাজুল ইসলাম ২৩ ভোট ও রুহুল আমিন ১ ভোট পান।
সহসভাপতি পদে ফরিদুল ইসলাম ৪৯ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বদরুল আলম পান ২২ ভোট। সহ-সম্পাদক পদে মিজানুর রহমান ৩৮ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আব্দুল হাই পান ৩৪ ভোট।
আটটি পৃথক নির্বাচনী এলাকার মধ্যে পাঁচটি সদস্য পদে ইউসুফ আলী ৮ ভোট, মাহমুদুর রহমান ৭ ভোট, আয়ুব হোসেন ৬ ভোট এবং আব্দুল আলীম ও শামীম আক্তার ৫টি করে ভোট পেয়ে জয়লাভ করেন। তাদের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ইসলাম উদ্দিন ও আব্দুস সাত্তার ৪টি করে, শিমুল বিল্লাল ও রুহুল কুদ্দুস ৩টি করে, মিজানুর রহমান ২টি এবং আব্দুল জলিল শূন্য ভোট পান।
এছাড়া অপর তিনটি পৃথক নির্বাচনী এলাকার সদস্য পদে রওশন আলী, রকিব উদ্দিন আন নূর ও জোনাব আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ভোট গণনা শেষে মোমিননগর সমবায় শিল্প ইউনিয়ন লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির দুই সদস্য আব্দুল মোক্তাদের ও আব্দুল মোতালিব উপস্থিত ছিলেন।