ধ্রুব নিউজ
ছবি: প্রতীকী
যশোর সদর উপজেলার চাঁচড়া গোয়ালদা এলাকায় মুরগির ফার্মে বিদ্যুতের লাইট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম মোক্তার মিয়া (৪৫)।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৭টায় যশোর সদর উপজেলার গোয়ালদা চাঁচড়া এলাকায় নিজ বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোক্তার মিয়া ওই এলাকার মৃত আশরাত মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিজ বাড়ির মুরগির ফার্মে বিদ্যুতের লাইট লাগানোর কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মোক্তার মিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।
বর্তমানে মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।