বেনাপোল (যশোর) প্রতিনিধি
অনুপ্রবেশের অভিযোগে দর্শনায় নারী-শিশুসহ আটককৃতরা। ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে আটক ব্যক্তিদের পরিচয় নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। বিজিবি তাদের ভারতীয় নাগরিক হিসেবে উল্লেখ করলেও স্থানীয় একটি সূত্র দাবি করেছে, তারা বাংলাদেশের সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
রোববার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তের বারাদি এলাকায় এ ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।
বিজিবি জানায়, বারাদি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় দায়িত্ব পালনের সময় বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার অভিযোগে ১০ জনকে আটক করেন। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “আটক ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাদের দর্শনা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।”
তিনি আরও বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার রোধে বিজিবির টহল ও অভিযান অব্যাহত রয়েছে।
তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিরা মূলত সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। কয়েক বছর আগে কাজের সন্ধানে তারা বিভিন্ন সীমান্তপথে ভারতে প্রবেশ করেছিলেন। সাম্প্রতিক সময়ে তারা দেশে ফেরার চেষ্টা করলে সীমান্ত এলাকায় বিজিবির হাতে আটক হন।
এ বিষয়ে তদন্ত ও পরিচয় যাচাই শেষে প্রকৃত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ধ্রুব/এস.আই