নিজস্ব প্রতিবেদক
দুর্ঘটনা কবলিত কভার্ড ভ্যান ও মোটরসাইকেল ছবি: ধ্রুব নিউজ
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত এবং এক শিশুসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (২৩ মে) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন চাউলিয়া তেলপাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—যশোর সদর উপজেলার ঘুনি পূর্বপাড়া এলাকার ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার বৃষ্টি সাহা (২৪) এবং চাউলিয়া গ্রামের বাসিন্দা আনোর আলী (৭০)। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার চার বছর বয়সী শিশু সৌভিক সাহা এবং মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের সাজ্জাদ হোসেন (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ১৮-০৩২৩) চাউলিয়া তেলপাম্প এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ইজিবাইকসহ তিনটি যানবাহনের মধ্যে তীব্র ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী ও আরোহী বৃষ্টি সাহা প্রাণ হারান। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চাউলিয়া গ্রামের বাসিন্দা আনোর আলী মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুইজনের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করে রাস্তা পরিষ্কার করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই মহাসড়কে ভারী যানবাহনগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে। চালকদের অসতর্কতা ও গতির কারণেই চাউলিয়া এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। তারা মহাসড়কে গতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।