ধ্রুব নিউজ
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত নাইট গার্ড আলাউদ্দিন ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরের মাড়ুয়া মন্দিরের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলাউদ্দিন নামে এক নাইট গার্ড আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) রাত ৭টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
আহত আলাউদ্দিন যশোরের মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের বাবর আলীর ছেলে। তিনি মারওয়া মন্দিরে নাইট গার্ড হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, প্রতিদিনের মতো দায়িত্ব পালনকালে মাড়ুয়া মন্দিরের সামনে রাস্তার ওপর অবস্থান করছিলেন আলাউদ্দিন (২৫)। এসময় ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা যুবক অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো চাকু দিয়ে তার নিতম্বে আঘাত করে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে কিংবা হামলাকারীরা কারা— সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ধ্রুব/এস.আই