কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
কোটচাঁদপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকারের মতবিনিময়। ছবি: সংগৃহীত
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার এক মতবিনিময় সভায় মিলিত হন। আজ বুধবার (১৩ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার। সাংবাদিকবৃন্দের সাথে পরিচিতি ও উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা ও দীর্ঘ দিনের সংকট ইউএনও’র সামনে তুলে ধরেন। এসময় নবগঙ্গা টেলিভিশনের প্রতিনিধি মো: মামুন হোসেনের এক প্রশ্নের জবাবে ইউএনও টিএন্ডটি পাড়া এলাকার ড্রেনেজ ব্যবস্থার শোচনীয় অবস্থা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
অন্যদিকে, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আবুল বাশারের প্রশ্নের প্রেক্ষিতে বাহাজ্জেল হোসেন দাখিল মাদ্রাসার সরকারি খাল দখলমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন দীপা রানী সরকার। তিনি স্পষ্ট জানিয়ে দেন জনস্বার্থে সরকারি সম্পদ পুনরুদ্ধারে কোনো আপস করা হবে না।
উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক অবক্ষয় রোধে আলোচনা চলাকালীন ইউএনও কোটচাঁদপুরকে মাদকমুক্ত করার বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি বলেন, "মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—নয়া দিগন্ত প্রতিনিধি শাহ জামান, দৈনিক আমার দেশের কাজী মৃদুল, দৈনিক সংগ্রামের জাহাঙ্গীর আলম, ডিএসি নিউজের দেলোয়ার সহ স্থানীয় ও জাতীয় সংবাদপত্রের প্রায় ২৪ জন সাংবাদিক।
সভাপতির বক্তব্যে নবাগত ইউএনও বলেন, একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা একান্ত কাম্য। তিনি কোটচাঁদপুর উপজেলার উন্নয়নে প্রশাসনের পাশে থেকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
ধ্রুব/এস.আই