নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি: সংগৃহীত
ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে মো. নুর-নবী নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকালে সদরের চুড়ামনকাঠি ইউনিয়নে সর্দার বাগডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত নুর-নবী (৩৫) ওই এলাকার মৃত নহর আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ১০টার দিকে নুর-নবী ট্রাক্টর দিয়ে জমি চাষ শেষ করে বাড়িতে ফিরছিলেন। সর্দার বাগডাঙ্গা মেইন রাস্তা দিয়ে আসার সময় ট্রাক্টরটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে উল্টে পড়ে যায়। এ সময় চালক নুর-নবী ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
আহত নুর-নবীর ভাতিজা জানান, তার চাচার অবস্থা বর্তমানে সংকটাপন্ন। তাকে দ্রুত ঢাকায় নেওয়ার প্রক্রিয়া চলছে।
ধ্রুব/এস.আই