নিজস্ব প্রতিবেদক
যশোরের বিকাশমান অনলাইন নিউজ প্ল্যাটফর্ম ‘ধ্রুব নিউজ’-এর কার্যালয় ও স্টুডিও পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা, যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। মঙ্গলবার রাতে তিনি আকস্মিকভাবে পত্রিকা অফিসে আসেন এবং সংবাদকর্মীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন।
পরিদর্শনকালে অধ্যাপক গোলাম রসুল ধ্রুব নিউজের নিউজ রুম, অত্যাধুনিক স্টুডিও এবং ভিডিও সম্পাদনা বিভাগসহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন। ডিজিটাল সংবাদ পরিবেশনার আধুনিক প্রযুক্তি ও পেশাদার কর্মপরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘বর্তমান সময়ের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় ধ্রুব নিউজকে সত্য প্রকাশের পথে সর্বদা নির্ভীক ও আপসহীন হতে হবে।’
মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা আরও বলেন, ধ্রুব নিউজ এখন শুধু খবর পরিবেশনের মাধ্যম নয়, বরং এটি সাধারণ মানুষের তথ্য, শিক্ষা ও বিনোদনের অন্যতম আস্থার উৎস হিসেবে জায়গা করে নিয়েছে। এই জনপ্রিয়তাকে টেকসই করতে এবং পাঠকদের চাহিদা বুঝতে নিয়মিত পাঠক জরিপ পরিচালনা এবং সেই অনুযায়ী যুগোপযোগী কন্টেন্ট তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
অফিস পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডি মিডিয়া হাউজের ভাইস চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেন, ধ্রুব নিউজের ব্যবস্থাপনা সম্পাদক গাজী মুকিতুল হক এবং উপদেষ্টা সম্পাদক মহিউদ্দিন মোহাম্মদ। এছাড়া প্রতিষ্ঠানের সম্পাদক হাবিবুর রহমানসহ বিভিন্ন স্তরের সাংবাদিক ও কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা ধ্রুব নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ‘সত্যের সাহসী অভিযাত্রা’ স্লোগানকে বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্টদের উৎসাহিত করেন।