ধ্রুব ডেস্ক
ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া ট্রাকচাপায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম হান্নান (৪৫)। তিনি জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাশের সালথা উপজেলার বালিয়াগট্টি বাজার এলাকায় প্রথমে ট্রাকটির চাপায় অন্তত ছয়জন আহত হন। এরপর স্থানীয়রা মোটরসাইকেলে করে ট্রাকটিকে ধাওয়া দেন।
এ সময় রসুলপুর-তালমা আঞ্চলিক সড়ক দিয়ে ট্রাকটি আরও বেপরোয়া গতিতে ছুটতে থাকে।
একপর্যায়ে ট্রাকটি গ্রামের সরু সড়কে ঢুকে পড়ে এবং নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজার ও বিলনালিয়া এলাকায় আরও কয়েকজনকে আহত করে। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। ধাওয়া খেয়ে ট্রাকটি বিলনালিয়া নতুন হাটখোলা এলাকার মুন্সি স্টোরে ধাক্কা দেয়।
এরপর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে এবং চালক হান্নান, হেলপার নাঈম (২২) ও আল আমিনকে (২৫) টেনে নামিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন চিকিৎসাধীন।
তালমা ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, স্থানীয়রা চালকসহ তিনজনকে মারধর করে আহত করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করি।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, গণপিটুনিতে একজন নিহতের খবর পেয়েছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।