ধ্রুব নিউজ ডেস্ক
রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্র ছবি: সংগৃহীত
নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) তত্ত্বাবধানে পরিচালিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। এই পরীক্ষামূলক সরবরাহে যে পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে, তার বাজারমূল্য দাঁড়িয়েছে আনুমানিক ৭ কোটি ৬ লাখ টাকা।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করা হয়।
জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্র নিশ্চিত করেছে, দ্বিতীয় পর্যায়ে রূপপুরের প্রথম ইউনিট থেকে অনবরত প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে পাঠানো হয়েছে। শুরুতে ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হলেও নির্ধারিত সময় পেরিয়ে প্রায় ৩০ ঘণ্টা ধরে এই বিদ্যুৎ সরবরাহ চলমান ছিল।
দেশের পারমাণবিক বিদ্যুৎ খাতের অগ্রযাত্রায় এ ঘটনাকে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনায় এনপিসিবিএলের কারিগরি প্রস্তুতি ও সক্ষমতার প্রমাণ হিসেবেও এটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপের সরবরাহ শেষে ইউনিটটিকে গ্রিড থেকে আলাদা করা হয়েছে। এখন বিদ্যুৎ দেওয়ার সময়কার নানা অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর ব্যবস্থা এবং অন্যান্য যন্ত্রপাতির কর্মদক্ষতা খতিয়ে দেখা হচ্ছে। এই পর্যালোচনার ফলাফলের ওপর ভিত্তি করেই পরের ধাপের কার্যক্রম ঠিক করবে এনপিসিবিএল।
এই সাফল্য নিয়ে সন্তোষ প্রকাশ করে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া সম্ভব হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। পরীক্ষামূলক এই পর্যায়ে গ্রিডে যুক্ত হওয়া বিদ্যুতের আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি টাকা বলে তিনি উল্লেখ করেন।
ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, এনপিসিবিএলের অপারেশনাল সক্ষমতা, দেশীয় প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রুশ অপারেশনাল অংশীদারদের যৌথ শ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে। নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষভাবে কেন্দ্রটি পরিচালনায় এনপিসিবিএল অঙ্গীকারবদ্ধ জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করেই সামনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ সাফল্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রুশ সহযোগী প্রতিষ্ঠান এবং এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী ও বিশেষজ্ঞদের ধন্যবাদ জানান তিনি।
প্রসঙ্গত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট মিলিয়ে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। উভয় ইউনিট পুরোদমে উৎপাদনে এলে দেশের বিদ্যুৎ খাতে বৈচিত্র্য আসবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদার হবে।