নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
যশোরে একটি ট্রাক্টরের ধাক্কায় নিরব (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১মে) বিকেল ৫টার দিকে যশোর-চান্দুটিয়া সড়কের শহরতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত নিরব কোতোয়ালী থানার নারাঙ্গালী গ্রামের ইমরান হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে নিরব হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালিয়ে চান্দুটিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান।
স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথায় গুরুতর আঘাতের কারণে তার অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন।