বেনাপোল (যশোর) সংবাদদাতা
আধুনিক হাসপাতাল ও নিরাপদ সড়কের দাবিতে বেনাপোলে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: ধ্রুব নিউজ
সীমান্ত শহর বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণ এবং সড়কে রোড পরিকল্পিত ডিভাইডার স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল পাঁচটার দিকে বেনাপোল-যশোর মহাসড়কের পাশে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ‘সৃজনশিখা’ বেনাপোল শাখা এ কর্মসূচি আয়োজন করে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হওয়া সত্ত্বেও বেনাপোলে এখনো গড়ে ওঠেনি একটি মানসম্মত আধুনিক হাসপাতাল। জরুরি চিকিৎসাসেবার অভাবে প্রায়ই রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়তে হয়। গত ৭ এপ্রিল বেনাপোল বন্দরে দুর্ঘটনায় আহত দুই শ্রমিকের একজন সময়মতো উন্নত চিকিৎসা না পেয়ে মারা যান—এ ঘটনাকে সামনে এনে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক পণ্যবাহী ট্রাক চলাচল করে। অথচ মহাসড়কের বিভিন্ন স্থানে রোড ডিভাইডারগুলো অপরিকল্পিত, ভাঙাচোরা ও অরক্ষিত অবস্থায় পড়ে আছে। এতে একদিকে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে শহরের সৌন্দর্যও নষ্ট হচ্ছে।
মানববন্ধনে ‘সৃজনশিখা’ বেনাপোল শাখার সভাপতি নাজমুল হোসাইন জয় বলেন, “বেনাপোল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নাগরিক সেবার ক্ষেত্রে এখানকার মানুষ এখনো বঞ্চিত। আধুনিক হাসপাতাল ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।”
তিনি বলেন, নিরাপদ সড়ক ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। একই সঙ্গে সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. মোস্তাফিজ্জোহা সেলিমের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
মানববন্ধন থেকে দুটি দাবি জানানো হয়—অনতিবিলম্বে বেনাপোল শহরে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিত ও টেকসই রোড ডিভাইডার স্থাপন ও রক্ষণাবেক্ষণ।
কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকেরাও সংহতি জানান। তাদের আশা, জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।
ধ্রুব/এস.আই