বেনাপোল (যশোর) সংবাদদাতা
শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের পাকশিয়া বাজার–রঘুনাথপুর সড়কের একটি ধসে পড়া পুরানো ব্রিজ । ছবি: সংগৃহীত
শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের পাকশিয়া বাজার–রঘুনাথপুর সড়কের একটি পুরাতন ব্রিজ ধসে পড়েছে। ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় বালুভর্তি একটি ১০ চাকার ট্রাক অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এ ঘটনায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে স্থানীয় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১০ এপ্রিল) বিকেল চারটার দিকে রঘুনাথপুর মৌজায় অবস্থিত ব্রিজটির ওপর দিয়ে একটি বালুভর্তি ট্রাক পার হওয়ার সময় হঠাৎ ব্রিজের ছাদ ধসে পড়ে। ট্রাকটির সামনের অংশ তখন প্রায় ব্রিজ পার হয়ে সড়কের ওপর উঠে যাওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রায় ৪০ বছর আগে নির্মিত ব্রিজটির মাঝের অংশ ভেঙে নিচে পড়ে গেছে। ধসে পড়া অংশের নিচে ব্রিজের কংক্রিটের বড় বড় খণ্ড ছড়িয়ে রয়েছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
এ সড়কটি পাকশিয়া বাজার, রঘুনাথপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের প্রধান যোগাযোগপথ। প্রতিদিন কৃষিপণ্য পরিবহন, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ এই পথ ব্যবহার করেন। ব্রিজটি ধসে পড়ায় বিকল্প দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে, এতে সময় ও খরচ দুটোই বেড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বারবার সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাদের অভিযোগ, যথাসময়ে মেরামত করা হলে এ পরিস্থিতি এড়ানো যেত।
এলাকাবাসীর দ্রুত নতুন ব্রিজ নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা প্রকৌশলী ছানা উল্লাহ বলেন, “বিষয়টি আমরা জেনেছি। দ্রুত প্রয়োজনীয় বাজেট অনুমোদনের মাধ্যমে ব্রিজটি পুনর্নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।”পুরোনো ব্রিজ ধসে পড়েছে। ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় বালুভর্তি একটি ১০ চাকার ট্রাক অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এ ঘটনায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে স্থানীয় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
ধ্রুব/এস.আই