বেনাপোল (যশোর) সংবাদদাতা
বেনাপোলে ব্যবসায়ীদের সঙ্গে স্থলবন্দর চেয়ারম্যানের বৈঠক। ছবি: ধ্রুব নিউজ
বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল করা এবং বিদ্যমান সমস্যা সমাধানে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মানজারুল মান্নান।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে বেনাপোল বন্দর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বন্দরের পরিচালক শামীম হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. মানজারুল মান্নান বলেন, বন্দর এলাকায় দীর্ঘদিনের যেসব সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে বন্দরের জন্য একটি নতুন অ্যাম্বুলেন্স এবং পণ্য লোড-আনলোড কার্যক্রমে গতি আনতে নতুন ক্রেন ও ফর্কলিফট সরবরাহের আশ্বাস দেন তিনি। এর আগে তিনি সাম্প্রতিক ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজাহান আলীর জানাজায় অংশ নেন এবং তার পরিবারের হাতে ৫০ হাজার টাকা অনুদান তুলে দেন।
সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ খায়রুজ্জামান মধূ, আমদানি-রপ্তানি কারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাধারণ সম্পাদক আবু তাহের, যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এবং বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (নং-৯২৫)-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলীসহ সংশ্লিষ্টরা।
সভায় ব্যবসায়ী নেতারা বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, পণ্য খালাসে সময়ক্ষেপণ, যানজট ও শ্রমিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ধ্রুব/এস.আই