ধ্রুব নিউজ ডেস্ক
যশোরের মুড়লীর মোড়ে ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ছবি: ভিডিও থেকে নেয়া
যশোরের মুড়লীর মোড়ে ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় অস্বীকার করে সরকার জনগণকে অপমান করেছে। এর জবাব জনগণ তাদের রায় বাস্তবায়নের মাধ্যমেই দেবে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে যশোরের মুড়লীর মোড়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, সাত দফা দাবি কোনো রাজনৈতিক দল বা নেতার ব্যক্তিগত দাবি নয়, এটি জনগণের দাবি। জনগণের পক্ষ থেকেই ১১ দলীয় ঐক্য এসব দাবি নিয়ে রাজপথে নেমেছে।
গণভোটের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। অথচ সরকার সেই গণরায় অস্বীকার করেছে। তাঁর অভিযোগ, সংসদ নির্বাচনের রায় ছিনতাই করা হলেও গণভোটের রায় ছিনতাই করতে পারেনি। সরকার ক্ষমতায় যাওয়ার আগে গণভোট মেনে নেওয়ার কথা বললেও ক্ষমতায় বসার পর সেই অবস্থান থেকে সরে এসেছে।
তিনি বলেন, ‘আপনাদের রায়কে তারা অস্বীকার করেছে, আপনাদের অপমান করেছে, অগ্রাহ্য করেছে। এর প্রতিশোধ জনগণ নেবে ইনশাআল্লাহ। জনগণ তাদের রায় বাস্তবায়নের মাধ্যমেই প্রতিশোধ নেবে।’
সাত দফা দাবির মধ্যে গণভোটের রায় বাস্তবায়নকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এই দাবি বাস্তবায়ন না হওয়ার কারণেই বাকি ছয়টি দাবি নিয়ে সমস্যা তৈরি হয়েছে। একটি ইনসাফপূর্ণ, বৈষম্যহীন ও যুবসমাজের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে প্রথম দফা দাবি সবার আগে বাস্তবায়ন করতে হবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সময় আছে, সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিন। সময় যদি চলে যায়, তাহলে কেউ আর আপনাদের দিকে ফিরে তাকাবে না।’
বক্তব্যে সরকারের বিভিন্ন ধরনের কার্ড বিতরণ কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। উপস্থিত জনতার কাছে জানতে চান, তাঁদের মধ্যে কারা এসব কার্ড পেয়েছেন। এ সময় কেউ হাত না তোলায় তিনি প্রশ্ন করেন, ‘আপনারা কি বাংলাদেশের জনগণ না?’
তিনি বলেন, এসব কার্ড জনগণের অর্থে দেওয়া হচ্ছে। তাহলে সাধারণ মানুষ কেন তা পাচ্ছে না, কার্ডগুলো কোথায় যাচ্ছে—সেই প্রশ্নও তোলেন তিনি। কার্ড বিতরণ নিয়ে অনিয়মের ইঙ্গিত করে রাতের বেলা পুকুরপাড়ে কার্ড বিতরণের ব্যঙ্গাত্মক মন্তব্য করেন জামায়াত আমির।
বক্তব্যের শুরুতে দীর্ঘ সময় অপেক্ষা করে তাঁকে স্বাগত জানানোর জন্য যশোরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মানবিকতা, দেশ, জনগণ ও এই মাটির প্রতি ভালোবাসা থেকেই মানুষ দীর্ঘ সময় ধরে সেখানে অপেক্ষা করেছেন।
প্রায় ১০ মিনিটের বক্তব্য শেষে তিনি কুষ্টিয়ার উদ্দেশে লংমার্চের পরবর্তী যাত্রার কথা উল্লেখ করেন।
যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল এমপি-র সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মাওলানা মামুনুল হক, ডাকসুর ভিপি সাদিক কায়েম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ডা, হামিদুর রহমান আজাদ, এনসিপি যুগ্ম আহবায়ক এমপি হাসনাত আবদুল্লাহ, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন, এনসিপির যুগ্ম সম্পাদক সাঈদ মোস্তাফিজ, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, কেন্দ্রীয় নেতা রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, খেলাফত মজলিসের কাজী আব্দুল আলী, নেজামে ইসলাম পার্টির সদস্য মাওলানা শহীদুল ইসলাম ইনসাফী, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর কাজী আবদুর রহিম, ডাকসুর জিএস এস. এম. ফরহাদ, চাকসুর ভিপি প্রকৌশলী ইব্রাহিম রনি, যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান , ঝিকরগাছা-চৌগাছা আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ , মনিরামপুর আসনের সংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক, কেশবপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী, জাগপার কেন্দ্রীয় সহসভাপতি প্রকৌশলী রাশেদ প্রধান, যশোর জেলা এনসিপির আহ্বায়ক মোঃ নুরুজ্জামান , বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী , বাংলাদেশ খেলাফত মজলিস যশোরের সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার সহকারী সেক্রেটারি জনাব গোলাম কুদ্দুস, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি ভিপি আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিস যশোরের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ , বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা, এনসিপির সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ , যশোর জেলা এলডিপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রিপন, যশোর জেলা এবি পার্টির আহ্বায়ক ডঃ মোঃ ইয়ামিনুর রহমান , এলডিপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলন, যশোর জেলা বিডিপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম , বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলার আমীর অধ্যাপক আশরাফ আলী , বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহরের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাইল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি রাশেদুল ইসলাম , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি ওবাইদুল্লাহ হুসাইন , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার সভাপতি মিনারুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি ইসমাইল হোসেন, যশোর জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক খান মিফতাহুল অমিত প্রমুখ।