বেনাপোল প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ড এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের মধ্যে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার এই গৌরবময় দিনে সীমান্তে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা পৌঁছে দিতে এ আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা একে অপরকে ফুল, মিষ্টি ও উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বেনাপোল সীমান্ত এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. হাফিজুর রহমান। তিনি সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা, চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বিজিবির সুসজ্জিত ব্যান্ডের বাদন ও দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। পুরো আয়োজন ঘিরে সীমান্ত এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
স্বাধীনতার চেতনা ধারণ করে দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পেশাদার সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।