❒ বিরিয়ানি খেয়ে অসুস্থ গ্রাহক
নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের আরএন রোডের জনপ্রিয় খাবার হোটেল 'ক্যাফে নূর'-এ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ছবি: ধ্রুব নিউজ
যশোর: যশোর শহরের আরএন রোডের জনপ্রিয় খাবার হোটেল 'ক্যাফে নূর'-এ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। পচা মাংস, অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিরিয়ানি খেয়ে গ্রাহক অসুস্থ হওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
অভিযান সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ক্যাফে নূর হোটেল থেকে ২৪ প্যাকেট বিরিয়ানি কিনে নিয়েছিলেন কয়েকজন গ্রাহক। সেই বিরিয়ানি খাওয়ার পর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে। এর পরপরই আজ সকালে হোটেলটিতে ঝটিকা অভিযান চালায় ভোক্তা অধিকারের একটি বিশেষ দল।
সরেজমিনে অভিযানে গিয়ে দেখা যায়, হোটেলের ফ্রিজে মজুত রয়েছে দুর্গন্ধযুক্ত বাসি মাংস ও পচা খাবার। রান্নাঘরের পরিবেশ ছিল ভয়াবহ রকমের নোংরা। বিরিয়ানি রান্নার উপাদানে কোনো মেয়াদোত্তীর্ণের তারিখ বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ছিল না। এছাড়া রান্নাঘর জুড়ে তেলাপোকার অবাধ বিচরণ এবং রান্নায় ক্ষতিকর পোড়া তেল ব্যবহারের প্রমাণ পান কর্মকর্তারা।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ভোক্তার অধিকার ক্ষুণ্ন করা এবং জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেলের মালিক মুকুল হোসেন বকুলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে তাকে সতর্ক করা হয়েছে যেন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
অভিযানকালে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।