কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
দুটি মোটরসাইকেলের একটি ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুরে জনশূন্য মাঠে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল সশস্ত্র দুষ্কৃতকারী। এসময় বাধা দিলে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। গত সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার ১নং সাফদারপুর ইউনিয়নের লক্ষীকুন্ডু-চামপাচার মাঠের নির্জন সড়কে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে লক্ষীকুন্ডু গ্রামের চার যুবক—সুমন, সজল, সোহান ও আবির দুটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তারা চামপাচার মাঠের অন্ধকার ও নির্জন স্থানে পৌঁছালে দেখতে পান রাস্তায় বড় গাছ ফেলে পথরোধ করা হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই ঝোপের আড়াল থেকে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাদের ঘিরে ফেলে। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আরোহীরা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ডাকাত দল তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং সজল ও সোহানকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাদের আর্তচিৎকারে মাঠের পাহারাদার ও নিকটস্থ গ্রামবাসী লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে ডাকাতরা মালামাল লুট করতে না পেরে অন্ধকারে পালিয়ে যায়।
আহত সজল ও সোহানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে এবং তারা বর্তমানে চিকিৎসাধীন।
এ বিষয়ে কোটচাঁদপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়েই তারা বিষয়টি খতিয়ে দেখছেন। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ নিশ্চিত করেছে।