❒ বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে অনন্য সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার দুপুরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে ‘বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ
বৈশ্বিক জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায় আগাম সতর্কতা হিসেবে বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে যশোর। আগামীকাল শুক্রবার থেকেই জেলাজুড়ে সব ধরনের শৌখিন আলোকসজ্জা বন্ধ এবং রাত ৮টার পর বাণিজ্যিক সাইন বোর্ড নেভানোর সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সুধীসমাজ। লক্ষ্য একটাই—বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হয়ে সারা দেশের সামনে এক অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করা।
আজ বৃহস্পতিবার দুপুরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে ‘বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বাণিজ্যিক ও আবাসিক উভয় ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার অন্তত ৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তিগত বা ব্যবসায়িক সব ধরণের সৌন্দর্যবর্ধনকারী আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ থাকবে। আর.এন রোডের মোটর পার্টস, মাইকপট্টি ও টাইলসপট্টির দোকানগুলো সন্ধ্যার পরপরই বন্ধ করতে হবে। তবে আসন্ন ঈদ বিবেচনায় কাপড় ও জুতার দোকান এবং শপিংমলগুলো রাত ১১টা পর্যন্ত খোলা রাখা যাবে। এছাড়া দোকানের সামনে অতিরিক্ত আলোকায়ন পরিহার করে মাত্র একটি বাল্ব জ্বালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কালেক্টরেট ভবনসহ বিভিন্ন সরকারি ভবনের বাইরের অপ্রয়োজনীয় আলোও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
সভায় যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান ব্যবসায়ীদের অপ্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা ও এসি বন্ধ রাখার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপচয় রোধ করা গেলে ব্যবসায়ীদের খরচও অনেকাংশে কমে আসবে। সভায় জানানো হয়, ঈদের পর থেকে শহরের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে।
নিরাপত্তার বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব জানান, ঈদ উপলক্ষে শহরে পুলিশের ২৫টি টিম নিরবচ্ছিন্নভাবে কাজ করছে, যা সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি। নাগরিক নিরাপত্তার স্বার্থে শহরের স্ট্রিট লাইটগুলো অবশ্যই সচল রাখা হবে।
যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদুর রহমান সুজা-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওজোপাডিকো পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, চেম্বারের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন এবং যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।