Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপি’র কর্মীরা

যশোরে জামায়াত কর্মীদের হামলা, নারীদের হেনস্তার অভিযোগ

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি,২০২৬, ১০:২৫ পিএম
আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারি,২০২৬, ১২:৩২ এ এম
যশোরে জামায়াত কর্মীদের হামলা, নারীদের হেনস্তার অভিযোগ

যশোরে বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামির নারী-পুরুষ নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপর ছুরিকাঘাত ও হামলা করে বাড়িঘর ভাংচু্র এবং যুবতিকে শ্লীলতাহানির অভিযোগ করে নব নির্বাচিত সংসদ সদস্যদের সংবাদ সম্মেলন। ছবি: ধ্রুব নিউজ

সদ্য গত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল পাওয়া মাত্র যশোরের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামির নারী-পুরুষ নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপর  হামলা করে বাড়িঘর ভাংচু্র এবং নারীদের হেনস্ত করেছে বিএনপি’র কর্মীরা। এছাড়া একজন সহকারি প্রিজাইটিং অফিসারকে মারধর এবং মসজিদের ইমাম মোয়াজ্জিন ও কমিটির কতিপয় সদস্যকে বের করে দেয়ার হুমকি দেয়া হয়েছে। আজ বিকেলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে যশোরের ৫ টি আসন থেকে বেসরকারিভাবে বিজয়ী সংসদ সদস্যগণ এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় বলা হয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ৫ জন প্রার্থী ব্যালট বিপ্লবে যশোরের ৫টি আসন থেকে জয়লাভ করার পর রাত থেকে বিভিন্ন এলাকায় বিএনপি’র কর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের ভোটার ও নেতা কর্মীদের ওপর হামলা শুরু করেছে। তারা জেলার বিভিন্ন আসনে নির্বাচনের আগে থেকে মহিলা ভোট কর্মীদের নির্যাতন করেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ঝিকরগাছার নাভারণ ইউনিয়নের বায়সা গ্রামে বিএনপির কর্মীরা  জামায়াত কর্মী রেজাউল হোসেনের পেটে ছুরিকাঘাত করেছে। আহত রেজাউল শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বায়সা বাজারের ব্যবসায়ীদের দোকান খুলতে বাধা দেওয়া হচ্ছে। গ্রামের নারী ভোটার ইশিতাকে মারধর করে রক্তাত্ব জখম করা হয়েছে। বিভিন্ন গ্রামে ভোটারদের হুমকি ধামকি দেয়া হচ্ছে। বায়সা গ্রামের ভূক্তভোগী মনিকা উপস্থিত থেকে ঘটনার বর্ণনা দেন।

চৌগাছায় জগদীশপুর ইউনিয়নের আড়কান্দী গ্রামে মসজিদের ইমাম মোয়াজ্জিন ও কমিটি থেকে জামায়াতে ইসলামির লোকদের বের করে দেয়ার সরাসরি হুমকি দেয়া হয়েছে।

উপজেলা ফুলসারা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো. আবেদ আলীর বাড়িতে রামদা, লোহার রড, বাঁশের লাঠি সহ ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেছে। বাড়ির জানালার গ্লাস ভাঙচুর করেছে। এলাকার মেহের আলী, রবিউল ইসলাম, ইমামুল, আল আমিন, হোসেন আলী, বাবু, রাজ্জাক, মুনতাজসহ অজ্ঞাত আরো অনেক জন গতরাতে এ ঘটনা ঘটায়।

ফুলসারা ইউনিয়নের দূর্গাবরকাটি গ্রামের সাবেক মেম্বর তোফাজ্জেল এর বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে। তাঁর মেয়েকে বেধড়ক পিটিয়েছে এবং তাকে শ্লীলতাহানি করেছে। এ ঘটনার পর মেয়েটি আত্মহত্যার চেষ্টা করেছে।

এদিকে শার্শা উপজেলার বেলতা গ্রামে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার কারণে জামায়াতের নেতা কর্মীদের ওপর হামলা করছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল বেলতা গ্রামে জামায়াতের নির্বাচনী কাজ চলাকালে বিএনপির স্থানীয় নেতা মৃত অমর বিশ্বাসের দুই ছেলে মিলন বিশ্বাস (৬৫) ও তরিকুল বিশ্বাস (৫৫)-এর নেতৃত্বে একটি দল অতর্কিত হামলা চালায়। হামলায় অংশ নেয় মনসুর (৫০) ও তার দুই ছেলে মারুফ (২৫) ও মামুন (২৪), লতা ডাক্তারের ছেলে জীম (২০), টিপু (২৪), মোসলেমের ছেলে ওদুদ বিশ্বাস (৪২) এবং মৃত কাওসারের ছেলে টুকু বিশ্বাস (৫৬)।

হামলাকারীরা লাঠিসোটা নিয়ে জামায়াত কর্মীদের ওপর চড়াও হয়। এতে কয়েকজন আহত হন। এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নে বিএনপি’র নেতা আহসান হাবীব খোকন ও আরমানের নেতৃত্বে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার মাধ্যমে পরিকল্পিতভাবে এলাকায় ভয়ভীতি ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। এমনকি একজন প্রিজাইডিং অফিসারকে মারধর করা হয়েছে।

গতকালের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী 'দাঁড়িপাল্লা' প্রতীক বিজয়ী হলেও নির্বাচনের পরপরই বিএনপির নেতা-কর্মীরা প্রতিহিংসা মূলকভাবে সহিংসতায় জড়িয়ে পড়ে। এসব ঘটনার ফলে জামায়াতের শত শত নেতাকর্মী নিরাপত্তাহীনতায় এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।

যশোর সদর উপজেলার সুজলপুরের জামতলার মোড়ে কে বা কারা বৃহস্পতিবার রাতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর আজ শুক্রবার সকালে জামায়াত কর্মী সুমনের বাড়িতে ১০টি মোটরসাইকেলে করে অন্তত্ত বিএনপির ৩০ জন নেতাকর্মী সুমনের বাড়ি গিয়ে তাকে খোঁজাখুঁজি করে। ওইসময় সুমন বাড়িতে ছিলেন না। তারা সুমনকে হত্যার হুমকি দিচ্ছে। হামলায় আহত জামায়াত কর্মীরা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে চিকিৎসাধীন রয়েছেন।

লিখিত বক্তব্যে বলা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন হবে, এক দল হারবে আবার কেউ জিতবে, তাই বলে প্রতিপক্ষের ওপর এই আচরণ সম্পূর্ণ অগণতান্ত্রিক। আমরা ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। সুস্থ রাজনৈতিক চর্চা করার আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামির জেলা আমির ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য গোলাম রসুল সাংবাদিকদের মাধ্যমে তার নির্বাচিত এলাকাসহ যশোরের প্রতিটি আসনের ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় তিনি নির্বাচনী কাজে সহযোগিতা করার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রশাসনের ভূমিকা গতকাল যা ছিল আজ তা নেই।  নির্বাচন পরবর্তী সহিংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজ আমি যখন এই প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলছি তখন মনিরামপুরের গ্রামে সহিংস হামলা চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে তিনি প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। তিনি এ সময় দোষীদের আইনের আওতায় এনে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।  

এছাড়া সংবাদ সম্মেলনে, সংগঠনের কেন্দ্রীয় নেতা ও যশোর-১ (শার্শা) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মাও. আজিজুর রহমান, যশোর-৫ (মনিরামপুর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এড. গাজী এনামুল হক, যশোর-৬ (কেশবপুর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোকতার আলি, যশোর-২ (ঝিকরগাছা- চৌগাছা) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ডা. ফরিদুল ইসলাম এবং যশোর-৩ (সদর) আসনের পরাজিত প্রার্থী ভিপি আব্দুল কাদের নিজ নিজ আসনের জনগণকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তারা বলেন শার্শা, মনিরামপুর, কেশবপুর, বাঘারপাড়া অভয়নগরেও অনুরূপ সন্ত্রাসী কার্যকলাপ চলমান। আমরা এর প্রতিকার চায়।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)