ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
জুম্মা নামাজ শেষে মুসল্লিদের সাথে মতবিনিময় করেন ডা. মসলেহ উদ্দিন ফরিদ ছবি: ধ্রুক নিউজ
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ দায়িত্ব গ্রহণের পর প্রথমদিনেই দিনব্যাপী বিভিন্ন জনহিতকর কর্মসূচিতে অংশ নিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ তিনি নিজ বাসভবন সংলগ্ন নাভারণ কলোনী মাঝেরপাড়া জামে মসজিদে আদায় করেন। নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এসময় তিনি মসজিদের উন্নয়ন কাজের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, আমি কোনো নির্দিষ্ট দলের এমপি নই, আমি আপনাদের সবার এমপি। এই এলাকার ব্যাপক উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। দল, ধর্ম বা বর্ণের কোনো ভেদাভেদ এখানে থাকবে না। অতীতের সব তিক্ততা ভুলে গিয়ে কেউ কোনো ধরনের প্রতিশোধমূলক আচরণ করবেন না। আমরা সমাজে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই।
এরপর দুপুর ২টার দিকে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে তিনি গতদিনের রাজনৈতিক সহিংসতায় আহত রেজাউল হোসেনের চিকিৎসার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে তিনি নাভারণ ইউনিয়নের বায়সা বাজারে যান। সেখানে নির্বাচনী বিজয়কে কেন্দ্র করে ব্যবসায়ীদের দোকান খুলতে বাধা দেওয়ার খবর পেয়ে তিনি সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার আশ্বাস দেন। এসময় তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা ইনসাফের পক্ষে। অন্যায়কারী যে দলেরই হোক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।