নিজস্ব প্রতিবেদক
যশোরের ৬টি সংসদীয় আসনের সবকটি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ৫টি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং একটি আসনে ধানের শীষ প্রতীকের (বিএনপি) প্রার্থী জয়লাভ করেছেন। একই দিনে অনুষ্ঠিত গণভোটেও সব আসনে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যাগরিষ্ঠতা দেখা গেছে।
যশোর-১
মোট ১০২টি কেন্দ্রের সবকটির ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা আজিজুর রহমান ১ লাখ ১৯ হাজার ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের নুরুজ্জামান লিটন পান ৯৩ হাজার ৫৪২ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ২ হাজার ১৪০ এবং ‘না’ ২০৮ ভোট।
যশোর-২
১৭৫টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লার প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ১ লাখ ৭১ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ধানের শীষের সাবিরা নাজমুল মুন্নি পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩২২ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ৪ হাজার ২৭৬ এবং ‘না’ ৭০১ ভোট পড়েছে।
যশোর-৩
১৯০টি কেন্দ্রের ফলাফলে একমাত্র এই আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লার আব্দুল কাদের পান ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ৪ হাজার ৮২ এবং ‘না’ ৭০৫ ভোট পড়েছে।
যশোর-৪
১৪৮টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লার গোলাম রছুল ১ লাখ ৭৭ হাজার ৫৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ধানের শীষের মতিয়ার রহমান ফারাজী পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ১৭২ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ২ হাজার ৮৬০ এবং ‘না’ ৪৪৬ ভোট পড়েছে।
যশোর-৫
১২৮টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লার গাজী এনামুল হক ১ লাখ ৩২ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কলস প্রতীকের (বিএনপি বিদ্রোহী) শহিদ ইকবাল পান ৮৫ হাজার ৫১৭ ভোট এবং ধানের শীষের রশিদ আহমদ পান ৫৫ হাজার ৪১৯ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ৩ হাজার ৭১ এবং ‘না’ ৪৮৪ ভোট পড়েছে।
যশোর-৬
৮১টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লার মুক্তার আলী ৯২ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। ধানের শীষের আবুল হোসেন আজাদ পান ৭৯ হাজার ৯৭৯ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ১ হাজার ৬৪৩ এবং ‘না’ ৪১২ ভোট পড়েছে।