নিজস্ব প্রতিবেদক
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার শুনানি শেষে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক সিভিল জজ মতিউর রহমান এই আদেশ প্রদান করেন। বিবাদীর আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি বিকেলে অভয়নগর উপজেলার পাইকপাড়ায় অবস্থিত শ্রী শ্রী বীরেশ্বর ফকির বাড়ি মন্দিরে একটি ‘মতুয়া সম্মেলন’ অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজী। অনুষ্ঠান চলাকালীন তিনি মন্দির কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন। নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী কর্তৃক কোনো ধর্মীয় বা সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান বা প্রতিশ্রুতি দেওয়া নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি নজরে আসার পর নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মতিউর রহমান তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেন। আদালত সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সংশ্লিষ্টদের সাক্ষ্য গ্রহণ করে আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা খুঁজে পায়।
তদন্তে সত্যতা পাওয়ায় গত ৪ ফেব্রুয়ারি মতিয়ার রহমান ফারাজীকে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী রোববার তিনি সশরীরে উপস্থিত হয়ে নিজের ব্যাখ্যা প্রদান করেন। শুনানির সময় বিএনপি প্রার্থী তার ভুলের কথা স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। তার স্বীকারোক্তি এবং আবেদনের প্রেক্ষিতে বিচারক তাকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেন এবং জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন। নির্বাচনী অনুসন্ধান কমিটি জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।