অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগর, যশোর: ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে যশোরের অভয়নগরে এক বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে নওয়াপাড়া পীরবাড়ি এলাকা থেকে শুরু হওয়া এই কর্মসূচিটি বিশাল জনস্রোতে রূপ নেয়।
বিকেল গড়াতেই নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় জড়ো হতে থাকেন ১১ দলীয় ঐক্যজোটের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ সমর্থক। সেখান থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ করে। মিছিল চলাকালীন পুরো পথজুড়ে রঙিন ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন দাবি সংবলিত স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। শৃঙ্খলাবদ্ধ পদযাত্রা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিটিকে একটি উৎসবমুখর পরিবেশে পরিণত করে। স্থানীয় ব্যবসায়ীরা ও পথচারীরাও দাঁড়িয়ে এই বিশাল মিছিল প্রত্যক্ষ করেন।
অভয়নগর উপজেলা আমীর সরদার শরিফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনে জামায়াত মনোনীত ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল। তিনি তার বক্তব্যে বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যেক নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে। জাতীয় উন্নয়ন ও একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই সংগ্রাম। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ শক্তিই পারে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে।
তিনি আগামী নির্বাচনে জোটের পক্ষে কাজ করার এবং ঐক্যবদ্ধ থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যশোর জেলা সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আশেকী ইলাহি, এনসিপির উপজেলা আহবায়ক শাহজাহান কবির, উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি নূরুল ইসলাম বাবলু এবং নওয়াপাড়া পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হুসাইন। এছাড়াও ছাত্রশিবিরের উপজেলা পরিচালক সাজিদ হাসান, পৌর সভাপতি সাকিব হুসাইন, নওয়াপাড়া কলেজ সভাপতি ফয়সাল আহমেদ এবং ইয়াসিন হোসেন, হাসিবুর রহমান ও আইয়ুব হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ মিছিলে নেতৃত্ব দেন।
মিছিলটি রেলস্টেশন এলাকায় পৌঁছালে সেখানে এক সমাপনী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আজকের এই কর্মসূচি প্রমাণ করেছে যে নওয়াপাড়ার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত। জনগণের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আগামী দিনের রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা বহন করছে। সমাবেশ শেষে উপস্থিত জনতা ও নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে ঘরে ফেরার অনুরোধ জানান সভাপতি সরদার শরিফ হুসাইন। এই বিশাল নির্বাচনী মিছিলকে কেন্দ্র করে পুরো অভয়নগর এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আলোচনার সৃষ্টি হয়েছে।